অস্ত্র ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিলো স্ত্রী
অস্ত্র তৈরি করে সন্ত্রাসীদের কাছে বিক্রয়কারী অস্ত্র ব্যবসায়ী স্বামীকে স্বাভাবিক জীবনে আনতে ব্যর্থ হয়ে অবশেষে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী। নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।
পুলিশ এবং গ্রেপ্তারকৃত’র স্ত্রী’র দেওয়া তথ্য থেকে জানা যায়, ফতুল্লা থানা পুলিশ বিকেল পৌঁনে ৪টায় স্থানীয় সরকার বাড়ি থেকে বাবুল সর্দার বাপ্পি (৩৫) নামে ওই অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পুলিশ এসময় তার কাছ থেকে দু’টি পাইপগান এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত’র স্ত্রী চায়না বেগম জানায়, বাপ্পি দীর্ঘদিন ধরে ওয়ার্কশপে অস্ত্র তৈরি করে সেগুলো সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। স্ত্রীর নিষেধ সত্ত্বেও বাপ্পি এ কাজ চালিয়ে চাচ্ছিলো বলে বাধ্য হয়ে চায়না বেগম বাপ্পিকে ধার জন্যে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।
