চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, জয়পুরহাট ও টাঙ্গাইল থেকে ৬ জেএমবি সদস্য আটক
দেশের বিভিন্ন স্থান থেকে জেএমবি সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, জয়পুরহাট ও টাঙ্গাইল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজার বিঘি থেকে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ মোতালিব (২০) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ হাজার বিঘি গ্রামে নিজ বাড়ি থেকে মোতালিবকে গ্রেপ্তার করে। তার বাবার নাম বেলায়েত আলী। পুলিশ আরো জানায়, মোতালিব জেএমবি’র একজন সক্রিয় সদস্য। পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল শহরের বগুড়া রোড থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফেজ আব্দুর রহমান। সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি শাহজাহানের ছেলে। বরিশাল সিআইডি অফিসের সামনে আব্দুর রহমানকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
পরে সিআইডি ইন্সপেক্টর বিডিনিউজকে বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃত মোস্তফা সদর থানা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, ওই অপারেশনে মো: এনায়েতুর রহমান নামে একজন জড়িত ছিল।
তবে পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত এনায়েতের সাথে বহুদিন থেকে পরিবারের যোগাযোগ নেই।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট থানা পুলিশ সোমবার ভোর রাতে সদর উপজেলার জগদিশপুর ও কোমরগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার কোমর গ্রামের সামছুল হুদার ছেলে শাহ আলম, একই এলাকার হারেজ উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান এবং জগদিশপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিলন।
পুলিশ জানায়, এদেরকে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণ ঘটনায় ব্যাপক জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ সোমবার গভীর রাতে জেএমবি সদস্য ও অর্থ যোগানদাতা আবুল কাশেমকে (৩৫) রামপুর ঠাকুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আবুল কাশেম পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকাভূক্ত জেএমবি সদস্য। সে জেএমবির অর্থে একটি পাঠাগার পরিচালনা করতো। ওই পাঠাগারের মাধ্যমে বিভিন্ন জেহাদী বই--পুস্তক জেএমবি সদস্যদের দেওয়া হত। গত ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ ঘটনার পর থেকে সে পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
