২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইপিজেডে শ্রমিক বিক্ষোভ অব্যাহত

লাগাতার শ্রমিক অসন্তোসের কারণে তিন দিন যাবত কুমিল্লায় ইপিজেড এ অঘোষিত লে-অফ চলছে। ১৭টি কারখানার একটিতেও দুইদিন আগে শুরু করে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেয়নি। ফলে, মেশিন-কারখানা ও উৎপাদন ছিল বন্ধ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ইপিজেড সূত্র জানায়, বিকেলে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বেপজার কর্মকর্তারা কুমিল্লায় পৌঁছে বর্তমান জেনারেল ম্যানেজার ফজলুল হক ভূঁইয়াকে তার কর্মস্থল থেকে সরিয়ে দিয়েছেন। বুধবার সকালে নতুন জেনারেল ম্যানেজার দায়িত্ব নেবে। এদিকে শ্রমিকরা কর্মকর্তাদের মুখের উপর বলে দিয়েছে- “আমরা ইপিজেড খুলতে দেবো না”।

পরিস্থিতি সামাল দিতে ই. পি. জেড এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ কারখানার ভেতরে এক মহিলা শ্রমিকের লাশ গুম করা হয়েছে এবং আটক করে রাখা হয়েছে কয়েকজন শ্রমিককে।  তারা ওই লাশ ফেরত এবং শ্রমিকদের বিনা শর্তে মুক্তি দাবিতেই এ আন্দোলন করছেন বলে আন্দোলনরত শ্রমিকরা জানান।

মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় কুমিল্লা ই.পি জেড ক্যাম্পাসের বাইরে ঢুলিপাড়া, টমছম ব্রীজ ও আশ্রাফাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।