২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোধে জাতিসংঘের আগাম পরিকল্পনা

বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে জাতিসংঘ একটি আগাম পরিকল্পনা হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

জাতিসংঘের অধীন একটি সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজকে বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ টিমের সুনির্দিষ্ট চাহিদা পূরণে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মোকাবেলা সম্পর্কিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার সুপারিশ অনুযায়ী এ আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে এ রোগ ছড়িয়ে পড়লে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ টিম যাতে সময়মতো, ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগ নিতে পারে সেলক্ষ্যেই এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারি এবং তাদের অধীনে কর্মরত লোকদের উপর এর প্রভাব কমানোই এ পরিকল্পনার সার্বিক লক্ষ্য।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ টিমে ইউএনডিপি, ফাও, ইউএনএইচসিআর, ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউনেস্কো, ডব্লিউএফপি, আইএলও, আইওএম, এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফ’র প্রতিনিধিগণ অন্তর্ভুক্ত রয়েছেন।

ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাসজনিত রোগ যা মানুষ ও কিছু পশু পাখি আক্রান্ত করে। মানুষ সাধারণত মানুষের ভাইরাস থেকেই ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়, পশু পাখির ভাইরাস থেকে নয়। এ ভাইরাসে আক্রান্ত হলে নির্দিষ্ট কোন লক্ষণ ছাড়াই নিউমোনিয়াসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়ার বেশ কিছু দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। কলোম্বিয়া, চীন, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, রোমানিয়া ও তুরস্কে বর্তমানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অতিথি পাখির আগাগোনা বৃদ্ধির কারণে দিনদিন এ সংখ্যা বাড়ছে। 

এখন পর্যন্ত বাংলাদেশে এ রোগের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে এশিয়ার বেশ কিছু দেশে ইতোমধ্যেই এর উপস্থিতি ধরা পড়ায় বাংলাদেশও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।