২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিআই কর্মসূচি বাবদ বাংলাদেশকে ২৭৫ কোটি টাকা দিয়েছে গ্যাভি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোশারফ হোসেন বলেছেন, ইপিআই কর্মসূচি একটি সফল কর্মসূচি হিসেবে আর্ন্তজাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে এবং এ কর্মসূচিতে গ্লোবাল অ্যালায়ান্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) থেকে বাংলাদেশ এ পর্যন্ত প্রায় ২৭৫ কোটি টাকার অর্থ সহায়তা পেয়েছে।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 18 Dec 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

মন্ত্রী জানান, এর মধ্যে টিকার উপকরণ হিসেবে ১৫১ কোটি টাকা, আর্থিক সহযোগিতা ৪২ কোটি টাকা এবং কর্মসূচি বাস্তবায়নে সফলতার পুরস্কার হিসেবে পেয়েছে ৮২ কোটি টাকা। মন্ত্রী রোববার ইপিআই এর সম্প্রসারিত ভবনের উদ্বোধন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে মটরসাইকেল বিতরণ অনুণ্ঠানে এ তথ্য জানান। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ৫২৫ টি মটরসাইকেলও বিতরণ করেন।

ড. মোশারফ বলেন, টিকাদানে সফলতা এবং শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো থেকে অনেক এগিয়ে রয়েছে। টিকাদান কর্মসূচীকে জোরদার করে শিশু মৃত্যুর হার কমিয়ে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জন করতে আরো আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ এ কে এম শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইপিআই এর প্রথম ও প্রাক্তন পরিচালক ডাঃ লুফর রহমান তালুকদার, বিএমএ’র মহাসচিব ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, ডাঃ মো. আব্দুল মজিদ ও ডাঃ মো. শামসুল হক প্রমুখ।