২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেহাদের নামে নাশকতা চালাতে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বিস্ফোরকসহ বিভিন্ন উপাদান ঢাকায় এনেছিল জেএমবি

তথাকথিত ইসলামী জেহাদের নামে নাশকতা চালাতে সুনামগঞ্জের সীমান্ত পথ দিয়ে বিস্ফোরক ও অন্যান্য উপাদান এনে রাজধানীতে জড়ো করেছিল জেএমবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

 রাজধানী থেকেই ২৫জন রিজিওনাল কমান্ডারের মাধ্যমে এসব বিস্ফোরক ছড়িয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে। আর এ কাজে তারা রাজনৈতিক ব্যক্তি ছাড়াও পুলিশের বেশ ক’জন উর্ধ্বতন কর্মকর্তার সহায়তা পেয়েছে। র‌্যাব হেফাজতে রাতভর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছে নিষিদ্ধঘোষিত তথাকথিত জেহাদী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে সানি।

জিজ্ঞাসাবাদকালে র‌্যাব গোয়েন্দা ইউনিট, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই--এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতেই র‌্যাব--এর একটি দল সুনামগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে কিছু বিস্ফোরক উদ্ধার করেছে। র‌্যাব--এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুবুল হক মোল্লা বিডিনিউজকে এ তথ্য জানান।

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই সানির দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতভর ঢাকাসহ সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন অঞ্চলে চিরুনি অভিযান চালিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা।

অভিযানকালে রাজধানীর উপকণ্ঠে উপস্থিত কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ কেজি বিস্ফোরক। এছাড়া সাভার, উত্তরা, পুরান ঢাকা এবং গাজীপুরেও চালানো হয়েছে অভিযান। গ্রেপ্তার করা হয় জেএমবি’র তিন সদস্যকে।

গোয়েন্দা সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে সানি তার অপর ছয় সঙ্গীসহ উত্তরায় এক গোপন বৈঠক করে। ওই বৈঠকে দু’জন শীর্ষ রাজনৈতিক নেতাও উপস্থিত ছিলেন। উত্তরার ওই বৈঠক সংক্রান্ত কাগজপত্র গোয়েন্দা সংস্থার সদস্যরা সানির সামনে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদ করলে সে চুপ করে থাকে।

‘ইসলামী শাসন কায়েমের জন্যেই এ পথ বেছে নিয়েছিলাম’-- জিজ্ঞাসাবাদে এভাবেই সানি নিজের দোষ স্বীকার করে বলে র‌্যাব সূত্র দাবি করে।

জেএমবি’র সামরিক শাখার প্রধান ছাড়াও সানি জেএমবি’র সর্বোচ্চ পরিষদ মজলিশ-ই--শূরা সদস্য। এই পরিষদে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ’র (জেএমজেবি) প্রধান বাংলা ভাই, খুলনা জোনের প্রধান হাফেজ মাহমুদ, বৃহত্তর সিলেটের প্রধান সালাহউদ্দিন এবং রংপুর--দিনাজপুর জোনের প্রধান শায়খ তারেক। তারা এখনও রয়েছে ধরা--ছোঁয়ার বাইরে।

ব্যাপক জিজ্ঞাসাবাদে সানি জানায়, জেএমবি’র সঙ্গে তাদের পাশাপাশি হরকাতুল জেহাদ আল ইসলামী বাংলাদেশ’র (হুজি) আফগান যুদ্ধ ফেরত কমান্ডারাও যোগ দেয়।

এদিকে সানিকে গ্রেপ্তারের ২৪ ঘন্টারও বেশি সময় পর তাকে আদালতে উপস্থাপন করে জিজ্ঞাসাবাদের জন্যে পৃথক দু’টি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। এছাড়া তার অপর সহযোগী স্বপনকে বিস্ফোরক আইনে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলা, ঝালকাঠী, গাজীপুর, চট্টগ্রাম ও নেত্রকোণায় আত্মঘাতী বোমা হামলা এবং দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতামূলক কাজে সে এবং তার আত্মঘাতী সদস্যদের বিরুদ্ধে ১৮২টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে ৭৫টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং ১৩টি মামলার চার্জ শুনানির পর্যায়ে রয়েছে। চার্জশিট দাখিলকৃত ৭৫টি মামলায় এজাহারভুক্ত ৪৯জন আসামির মধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৭টি মামলা তদন্তাধীন রয়েছে।

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঘেরাও করে লতিফ ছাত্রাবাস থেকে মঙ্গলবার সানিকে গ্রেপ্তার করা হয়।