জাতিসংঘে সার্কের গুরুত্ব অনুভব করাতে সক্ষম হবে বাংলাদেশ: স্থায়ী প্রতিনিধি
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন, আগামী বছরগুলোতে সাার্ক এর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বাংলাদেশ জাতিসংঘের কাছে সার্ককে একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে অনুভব করাতে সক্ষম হবে।
সার্ক সনদ দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে বাংলাদেশ মিশনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে ইফতেখার আহমেদ একথা বলেন।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইফতেখার বলেন, আমাদের যে বিশাল জনশক্তি ও বুদ্ধিমত্তা রয়েছে তা দিয়ে সার্ককে কার্যকর করে তুলে আমরা নিজেদের গর্বিত করে তুলতে পারি। সমন্বিত স্বার্থের লক্ষে আমরা এ শক্তি ও সামর্থ নিয়ে জাতিসংঘেও অবস্থান তৈরি করে নিতে পারি।
অভ্যর্থনায় গণমাধ্যমের প্রতিনিধি ছাড়াও সার্কভুক্ত ও পর্যবেক্ষক দেশসমূহের কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তা ও বেশকিছু সদস্যরাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
