বাঙ্গালী বীরকে সম্মানিত করলেন রানী এলিজাবেথ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের উপর ২০০৪ সালে সিলেটে গ্রেনেড হামলার সময় তাকে ও তার দেহরক্ষীকে বাঁচাতে সাহসী ভূমিকা রাখার জন্য ব্রিটেনের রানী এলিজাবেথ(২য়) ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মচারী সিরাজুল হককে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন।
রানী এলিজাবেথ ব্রিটিশ হাই কমিশনের কর্মচারী সিরাজুল হককে ‘মেম্বার অব দি মোস্ট একসিলেন্ট অর্ডার অব দি ব্রিটিশ অ্যাম্পায়ার’ (এমবিই) উপাধিতে ভূষিত করেন।
ব্রিটিশ শীর্ষ কর্মকর্তাদের মাঝেই কেবল এমবিই উপাধি দেয়ার রেওয়াজ থাকলেও এই প্রথমবারের মত একজন স্থানীয় কর্মচারীকে পুরস্কৃত করা হল।
রানীর পক্ষে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ মন্ত্রী সিরাজুল হকের সাহসী ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন।
২০০৪ সালের ৫ মে সিলেটের হজরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা চালানো হলে সিরাজুল হক জীবনের ঝুঁকি নিয়ে হাই কমিশনার ও তার দেহরক্ষীকে হামলাস্থল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন।
ওই হামলায় তিনজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছিল।
সিরাজুল হককে সম্মান জানাতে বুধবার ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করার জন্য তিন কর্মকর্তা ঢাকাস্থ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার স্টিভ ব্রিজিস, কর্মকর্তা রেহানা হোসেন এবং জর্জ গোমেজকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সিরাজুল হককে ধন্যবাদ জানিয়ে আনোয়ার চৌধুরী বলেন, হামলার পর তিনি আমাকে দ্রুত তুলে নেন এবং আমার জীবন বাঁচাতে হাসপাতালের দিকে ছুটে চলেন। এর জন্য তিনি কোন ক্ষতিপূরণ দাবি করেননি। তার ধারনা, এটা বিশেষ কোন কাজ নয়। আর এ কারণেই তিনি এ পুরস্কারের জন্য পুরোপুরি উপযুক্ত।
হামলার বিভীষিকা ও কী সাহসিকতায় সিরাজুল হক তাকে বাঁচিয়েছেন, তার বর্ণনা দেয়ার সময় আনোয়ার চৌধুরীর গাল গড়িয়ে অশ্র“ পড়তে থাকে।
সিরাজুল হক ১৯৮৯ সালে ব্রিটিশ হাই কমিশনে যোগদান করেন। তার স্ত্রীর নাম জাহানারা বেগম। সিরাজুল ও জাহানারা দম্পতির সাইদুল, শারমিন ও তানিয়া নামে তিনটি সন্তান রয়েছে।
বিডিনিউজের সাথে আলাপকালে সিরাজুল হক বলেন, কোন হামলাকারীকে এখন পর্যন্ত বিচারের সম্মুখীন করতে না পারার বিষয়টি আমাকে দারুণভাবে পীঁড়িত করে। তবে আমার সান্তনা যে, আমি দুইটি জীবনকে বাঁচাতে পেরেছি। অবশ্য সেদিন হামলার স্থলে উপস্থিত সিলেটের লোকজন আমাকে হামলাস্থল থেকে পালাতে বলেছিল।
সেই বিভীষিকাময় পরিস্থিতির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমি গাড়িতে বসেছিলাম। আমি আনোয়ার চৌধুরীকে মসজিদ থেকে বেরিয়ে লোকজনের সাথে কথা বলতে দেখলাম। তখন ফটোসাংবাদিকরা ছবি তুলছিলেন। ওই সময় সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং এতে লোকজন হন্তদন্ত হয়ে দৌঁড়াতে শুরু করল। কিন্তু এর মাঝেও আমার চোখ শুধু তাকেই (আনোয়ার চৌধুরী) খুঁজছিল।
সিরাজুল ব্রিটিশ হাই কমিশনার ও তার দেহরক্ষী আব্দুর রহমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, ওই সময় আমি কেবল একটি জিনিসই কল্পনা করছিলাম। আর তা হল, আমি কিভাবে দ্রুততার সাথে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারব।
তিনি বলেন, সে সময় আনোয়ার চৌধুরী আমাকে বলেছিলেন আমি যেন মারাত্মকভাবে আহত তার দেহরক্ষী রহমানকে সাহায্য করি।
পুরস্কার গ্রহণের পর সিরাজুল আরও বলেন, এ পুরস্কার গ্রহণ করে আমি খুব খুশি। তবে দু’টি জীবন বাঁচানোই আমার কাছে আরও বেশি সন্তুষ্টির ব্যাপার।
