দেশে প্রতি বছর ৩৪ লাখের বেশি শিশুর জন্ম নিবন্ধন হয় না
বাংলাদেশে প্রতি বছর ৩৭ লাখ শিশু জন্মগ্রহণ করে। এর মধ্যে প্রায় দুই লাখ ষাট হাজার শিশুর জন্ম নিবন্ধন হয়। বাকি ৩৪ লাখেরও বেশি শিশুর জন্ম নিবন্ধন না হওয়ায় তারা সামাজিক পরিচিতি পায় না।
বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় পাঁচ কোটি শিশু জন্ম নিবন্ধনের অভাবে তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ইউনিসেফ আয়োজিত ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০০৬: বর্জনের শিকার ও দৃষ্টির আড়ালে’ শীর্ষক রিপোর্টের প্রকাশনা উৎসবে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুই জর্জ আরসেনাল্ট এ তথ্য জানিয়েছেন। বিশ্ব শিশু পরিস্থিতির বর্তমান অবস্থা শীর্ষক ইউনিসেফের এ প্রতিবেদনটি বিশ্বব্যাপী একযোগে বুধবার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
ইউনিসেফ’র নির্বাহী পরিচালক অ্যান এম. ভেনেমেন লন্ডনে প্রতিবেদনটির বিশ্বব্যাপী প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি নির্ভর করে উন্নয়নশীল দেশগুলোর বঞ্চিত শিশুদের অন্তর্ভুক্ত করার ওপর।
লুই জর্জ আরসেনাল্ট বলেন, বাংলাদেশ বিগত ত্রিশ বছরে অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পেরেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আগামী দশ বছরও সমান গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশুদের সামাজিক পরিচিতি, জন্ম নিবন্ধন এবং মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এসব ব্যাপারে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
লুই জর্জ আরসেনাল্ট আরও বলেন, ঢাকায় প্রায় এক লাখ ৩২ হাজার শিশু গৃহ পরিচারকের কাজ করে। যেখানে বিশ্বব্যাপী ৮৪ লাখ শিশু শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে।
বাংলাদেশে ১০ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের প্রায় দুই-তৃতীয়াংশেরই বিয়ে হয়ে যায়। ফলে তাদের বেশিরভাগই শিক্ষাসহ সকল সামাজিক সুযোগ থেকে বঞ্চিত হয়।
পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও আশেপাশের অঞ্চলের প্রায় তিন লাখ আদিবাসী শিশু তাদের সকল সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিসেফ এ সকল আদিবাসী শিশু এবং জন্মসূত্রে প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ১৪ লাখ শিশু জন্মসূত্রে বা বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়।
আরসেনাল্ট জানান, প্রায় ১২ লাখ শিশু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাচার হয়ে যাচ্ছে। যাদের যৌনকর্মী, গৃহ পরিচারক বা বিভিন্ন শিশুশ্রমে নিযুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, জন্ম নিবন্ধন, পিতা-মাতার যতœ থেকে বঞ্চিত, অনাথ শিশু, পথশিশু, অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে বেশিরভাগ শিশুরা দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। পাচার, গৃহপরিচারকের কাজ, প্রতিবন্ধকতা, বিপজ্জনক শ্রম বা বন্দিত্বের কারণে শিশুরা বাদ পড়ছে বা বর্জনের শিকার হচ্ছে।
অনুষ্ঠানে ফাতেমা, ফাহিমা ও আলম নামের তিনজন শিশু শ্রমিক তাদের জীবনকাহিনী শোনায়।
ফাতেমা জানায়, আট বছর বয়সে সে গৃহ পরিচারকের কাজ শুরু করে। বর্তমানে ফাতেমার বয়স ১৫ বছর। ইউনিসেফের সহযোগিতায় ফাতেমা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এখন স্বাবলম্বী।
চার বছর বয়সে দুবাইতে উটের জকি হিসেবে পাচার হয়ে যায় নোয়াখালির আলম। ১৩ বছর দুবাই থাকার পর আলম দেশে বাবা-মার কাছে ফিরে আসে।
১৪ বছর বয়সী ফাহিমা শৈশব থেকেই এনজিও অপরাজেয় বাংলায় আছে বলে জানায়। অষ্টম শ্রেণীতে পড়–য়া ফাহিমার ইচ্ছে ডাক্তার হওয়ার।
