মুক্তিযোদ্ধা সেনা, পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা একমঞ্চে আসছেন (সংশোধনসহ)
অব্যাহত ইসলামী জঙ্গিদের হুমকির মুখে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান ও স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য মুক্তিযোদ্ধা সেনা, নৌ, পুলিশ, প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা একই মঞ্চে আসার জন্য চেষ্টা করছেন।
এ লক্ষ্যে তারা মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোহাম্মদ আহসান উল্লাহর আমন্ত্রণে ১২ ডিসেম্বর ব্র্যাক সেন্টারে এক পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন।
এ অনুষ্ঠানে দল মতের উর্ধ্বে থেকে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও মুক্তিযুদ্ধের পরাজিত শত্র“দের প্রতিরোধ করার অঙ্গীকার করা হয় এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে মহাসমাবেশ করার বিষয়টি আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে আলোচকরা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আজ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের অতীতের সমস্ত বিভেদ ভুলে কষ্টার্জিত স্বাধীনতা রক্ষার জন্য আজ ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে এদেশে কোন সংলাপ হতে পারে না। স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াত-কে সরকার থেকে বহিষ্কার এবং সামাজিকভাবে বয়কট করতে হবে।
আলোচনায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। তারা প্রতিটি জেলায় ও ঢাকায় মহাসমাবেশ করার বিষয়টির ব্যাপারে অলোচনা করেন।
সূত্র জানায়, অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা শীঘ্রই আবারও একটি সভা করে চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করবেন।
এ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেক্টর কমাণ্ডর লেফটেনেন্ট জেনারেল (অবঃ) শওকত আলী বীরোত্তম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিব বাহিনীর প্রধান সংসদ সদস্য আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিন, মেজর জেনারেল (অবঃ) আনোয়ার হোসেন (বীর প্রতীক), সাবেক সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল (অবঃ) হারুন-আর-রশিদ, সাব সেক্টর কমান্ডার কর্ণেল (অবঃ) জাফর ইমাম মেজর (অবঃ) আকতারুজ্জামান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ওবায়দুল মোকতাদির চৌধুরী এবং ম. হামিদ।
