বাংলাদেশে টিকাদান কমসূচিতে ২০০ কোটি টাকা দেবে জাতিসংঘ ফাউন্ডেশন
বাংলাদেশী শিশুদের হাম প্রতিরোধে জাতিসংঘ ফাউন্ডেশন আগামী বছর টিকাদান কর্মসূচি পরিচালনার জন্যে ২০০ কোটি টাকার প্রকল্প শুরু করবে। এ প্রকল্পের আওতায় ৯ থেকে ১০ বছর বয়সী মোট সাড়ে তিন কোটি শিশুকে হামের টিকা দেওয়া হবে।
ঢাকায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সোমবার জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান টেড টার্নার একথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এটি হবে সর্ববৃহৎ প্রকল্প।
তিনি জানান, পোলিও ও এইচআইভি/এইডস প্রতিরোধ, কিশোরীদের ক্ষমতায়ন, নিরাপদ খাবার পানি সরবরাহ এবং সুন্দরবনের ঐতিহ্য সংরক্ষণে জাতিসংঘ ফাউন্ডেশন বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে যাচ্ছে।
নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্র“ন্ডল্যান্ড, জাতিসংঘ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাবেক মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান টিমোথি ই উইরথ, জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা নাফিস সাদিক ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনুসসহ ফাউন্ডেশনের অন্যান্য বোর্ড সদস্যরা প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
ড. ইউনুস সাংবাদিকদের জানান, ফাউন্ডেশনের বোর্ড সদস্যরা তাদের বার্ষিক সভা অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশে এসেছেন।
টেড টার্নার বলেন, টিকাদান কর্মসূচির আওতায় সাড়ে তিন কোটি শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়াও হাম প্রতিরোধের ব্যাপারে ৪০ হাজার টিকাদানকারী ও দেড় লাখ স্বেচ্ছাসেবীর মধ্যে সচেতনতা অভিযান চালানো হবে।
তিনি বলেন, ফাউন্ডেশন ইতোমধ্যেই কিশোরীদের ক্ষমতায়ন এবং তিনটি জেলার নলকূপ আর্সেনিকমুক্তকরণসহ বেশ কিছু জাতিসংঘ কর্মসূচিতে অর্থ সাহায্য দিয়েছে।
টিমোথি ই উইরথ বলেন, এটি একটি উল্লেখযোগ্য প্রতিশ্র“তি এবং এশিয়ায় এটিই প্রথম। আগামী বছরের শুরুতেই এ প্রকল্প শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে এ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অ্যমেরিকান রেড ক্রস, যুক্তরাষ্ট্রের সেন্টার অব ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) যৌথভাবে কাজ করবে।
মার্কিন সংবাদ চ্যানেল সিএনএন’র প্রতি প্রতিষ্ঠাতা মিডিয়া মোগল খ্যাত টেড টার্নার বলেন, বাংলাদেশ একটি চমৎকার দেশ এবং এখানকার লোকজন খুবই বন্ধুসুলভ।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধান দু’টি প্রতিবন্ধকতা হচ্ছে পানি ও জনসংখ্যা।
জাতিসংঘ ফাউন্ডেশন ১৯৯৯ সালে বাংলাদেশে কিশোরীদের ক্ষমতায়ন, পোলিও দুরীকরণ এবং নিরাপদ খাবার পানি সরবরাহসহ জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে ৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেয়।
