যুক্তি, মেধা, জ্ঞান ও প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সমাজ গড়ে তুলতে হবে: আইন মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যুক্তি, মেধা, প্রজ্ঞা, জ্ঞান এবং প্রতিযোগিতার উপর ভিত্তি করে সমাজ গড়তে হবে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে সোমবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও জাতীয় বিতর্ক ফেডারেশনের (এনডিএফ) যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জের যুগ এটি। এই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য রেখেই পৃথিবী এগিয়ে চলছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।
আইন মন্ত্রী বলেন, একজন ভাল সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে বিতর্ক হচ্ছে প্রথম পদক্ষেপ।
তিনি বলেন, অন্যান্য দেশের মতই আমাদের দেশের সংসদে অনেক সদস্য রয়েছেন। কিন্তু ভাল বিতার্কিক না হওয়ায় তাদের অনেকেই উপযুক্ত সংসদ সদস্য নন।
আইন মন্ত্রী বলেন, একজন ভাল বিতার্কিকের জ্ঞান, তথ্য, বুদ্ধি ও ধৈর্য্য থাকতে হবে এবং এ ধরনের মানসিকতা গড়ে তুলতে হলে অনুশীলন করতে হবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপ--উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হোসাফ গ্র“প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ড. আরিফা বেগম, জাতীয় বিতর্ক ফেডারেশনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং এনডিএফ’র সাধারণ সম্পাদক একেএম শোয়েব উপস্থিত ছিলেন।
ভিকারুন্নিসা নুন কলেজ, হলিক্রস কলেজ, হারমেইন মেইনার কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, তেজগাঁও মহিলা কলেজসহ রাজধানীর ২০টি কলেজের বিতার্কিকরা ‘মুক্তিযুদ্ধের চেতনা বৃথা যায়নি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতা ১৮ ডিসেম্বর শেষ হবে।
