২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিওতে দরিদ্রদের ইস্যু জোরালোভাবে তুলে ধরার আহ্বান

আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে দরিদ্রদের ইস্যুগুলো জোরালোভাবে তুলে ধরার দাবি জানিয়ে নগরীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিশ্বায়নের ফলে দরিদ্রদের জীবনযাত্রার মান আরও খারাপ হয়েছে, অথচ ডব্লিউটিও এ বিষয়ে সবসময়ই গা ছাড়া ভাব দেখাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

আলোচনা সভায় অ্যাকশন এইড’র কান্ট্রি ডিরেক্টর নাসরীন হক বলেন, বাণিজ্য প্রতিনিধিরা আমাদের দরিদ্র জনগণের প্রকৃত চিত্র তুলে ধরবেন বলে আমরা আশা করছি। কিন্তু বাস্তবে দরিদ্রদের জীবন ও জীবীকার বিষয়টি ডব্লিউটিও’র আলোচনায় অনুপস্থিত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও অ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে নগরীর এলজিইডি মিলনায়তনে ‘রিফ্লেক্টিং অন ডব্লিউটিও: মারজিনালাইজেশন অব লাইভস অ্যান্ড লাইভলিহুডস’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।

২২ টি জেলার তৃণমূল পর্যায়ের দরিদ্র ও সুশীল সমাজের সদস্যদের সাথে একান্ত আলোচনার ভিত্তিতে হংকংয়ে একটি ঘোষণা দেওয়ার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নাসরীন বলেন, বিনিয়োগের অভাবে অনেক তৃণমূল উৎপাদনকারীই তাদের উৎপাদন বন্ধ করে দিয়ে শ্রমিক হতে বাধ্য হচ্ছে। কিন্তু তাদের মজুরিও খুব কম।

আসন্ন ডব্লিউটিও সম্মেলনে দরিদ্র্রদের বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরার জন্যে তিনি সরকারি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভাটি পরিচালনা করেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ডব্লিউটিও বাণিজ্য ব্যবস্থার আওতায় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়নি, বরং কমেছে।

সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নীতি নির্ধারকরা শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার খারাপ দিকটি বিবেচনা করছেন না। এমনকি তারা জনগণের প্রচলিত জীবনযাত্রার বিষয়ে খুম কমই গুরুত্ব দিচ্ছে।

অ্যাকশন এইডের শিহাব উদ্দিন আহমেদ বলেন, বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনও সেসব কারখানা বেসরকারি খাতে হস্তান্তর না করার ফলে সেসব কারখানার শ্রমিকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনায় চরম সংকটের সম্মুখীন হচ্ছে।

নিউ এজ পত্রিকার তানিম আহমেদ বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি বিষয়ক চুক্তির আওতায় কৃষি মজুরির ব্যাপারে আলোচনার জন্যে কোনও ধারা নেই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিজেরা করি’র খুশি কবির, সাহিত্যিক সেলিনা হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান ও বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী।

দরিদ্র জনগোষ্ঠীর চারজন প্রতিনিধিসহ অ্যাকশন এইড’র ৫৫ সদস্যের একটি টিম সভার তথ্য বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তুলে ধরবে।  হংকংয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বর এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ২৪টি জেলার ৩৫০ জনের বেশি তৃণমূল প্রতিনিধি অংশ নেয়।