২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও বান্দরবান থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ১ম লিড

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঢাকা ও বান্দরবানে একে--৪৭ রাইফেলসহ ১৫ আগ্নোস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আটক করেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু শক্তিশালী বোমা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

এর মধ্যে ঢাকা থেকে একটি একে--৪৭ রাইফেল ও ১৪১ রাউন্ড বুলেট এবং বান্দরবান থেকে চারটি হালকা মেশিন গান (এলএমজি), সাতটি  নাইন এমএম পিস্টল, তিনটি দেশে তৈরি পিস্তল এবং আড়াই হাজার রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

রাজধানীর শ্যামপুর থানার দনিয়া এলাকা থেকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ১৪১ রাউন্ড গুলিসহ একটি একে--৪৭ রাইফেল উদ্ধার করেছে।

দনিয়া কলেজের সামনে অস্ত্র ও গুলিসহ একটি ব্যাগ নিয়ে পালানোর সময় পুলিশের চ্যালেঞ্জে বহনকারীরা ব্যাগটি রেখে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, সন্ধ্যা থেকে তারা কলেজের সামনে একটি চেকপোস্ট বসায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে ডিবি সদস্যদের সন্দেহ হলে মোটর সাইকেল আরোহী দুই যুবককে তারা চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই যুবক তাদের সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়।

ডিবি সদস্যরা ব্যাগের ভেতর থেকে একটি একে--৪৭ রাইফেল, ১৪ রাউন্ড একে--৪৭ রাইফেলের গুলি ও দু’টি ম্যাগজিন এবং বিভিন্ন অস্ত্রের ১২৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

ডিবি পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ কুদ্দুস বিডিনিউজকে বলেন, তারা বহনকারীদের তাড়া করলেও ধরতে পারেনি।

তিনি বলেন, রাস্তায় অন্যান্য যানবাহন থাকায় তাদের থামাতে পুলিশ গুলি করতে পারিনি।

বিডিনিউজ বান্দরবান প্রতিনিধি জানান, পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী দুর্গম নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র--শস্ত্র উদ্ধার করেছে। পৃথক এক ঘটনায় তারা রুমা বাজার এলাকা থেকে আটক করেছে সন্দেহভাজন তিন জন মায়ানমারের গেরিলা সদস্যকে।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, তারা শুক্রবার রাত থেকে নাইক্ষ্যংছড়ি এলাকায় টানা নয় ঘন্টা অভিযান চালায়। অভিযানে ছাগল খাইয়া মৌজার গহীন জঙ্গল থেকে উদ্ধার করা হয় চারটি রাশিয়ান এলএমজি, সাতটি জার্মানীর নাইনএমএম পিস্তল, এলএমজি’র ১৪টি ড্রাম ম্যাগজিন, ১৮টি লং ম্যাগাজিন এবং দু’হাজার ৫০০ রাউন্ড নাইনএমএম পিস্তলের গুলি।

এদিকে শুক্রবার রাত ৯টায় রুমা বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আটক করা হয় তিনজন বিদেশী নাগরিককে। আটককৃতরা হচ্ছে-- না হাই খুমি, খিং চাই খুমি এবং সে হাইলে খুমি। সংশ্লিষ্টদের ধারণা, তারা সবাই মায়ানমারের কোনও বিচ্ছিন্নতাবাদী গ্র“পের গেরিলা সদস্য।

বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামে শনিবার একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার পরিবার পরিকল্পনা বিভাগ পরিচালিত একটি ফার্মেসির সামনে থেকে এটি উদ্ধার করা হয়।

পথচারীরা সকাল সোয়া ৯টায় খাজা রোডের গাউসুল আজম আরবান ফার্মেসির সামনে জেএমবির লিফলেটসহ বোমাসদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে টহল পুলিশকে সংবাদ দেয়।

লাল টেপে মোড়ানো ঘড়ি সংযুক্ত বস্তুটির কারণে এলাকায় আতঙ্ক দেখা দেয়। পাশ্ববর্তী এনএমসি হাই স্কুল কর্তৃপক্ষ ক্লাস বন্ধ করে ছাত্র--ছাত্রীদের ছুটি দিয়ে দেয়।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং খাজা রোডে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে র‌্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল দুপুর সোয়া ১টায় ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রিয় করে তাদের অফিসে নিয়ে যায়।

র‌্যাবের বিশেষজ্ঞরা বলেছেন, টাইম ডিভাইসের পাশাপাশি বোমাটি শক্তিশালী উপাদানে তৈরি।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন দত্তবাড়ী রোডের মুদি দোকান থেকে শুক্রবার রাত ১১টার দিকে র‌্যাব সদস্যরা দুই কেজি ওজনের একটি বোমা উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, এলাকাবাসী মুদি দোকানের ভেতর ডানোর কৌটায় লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পেয়ে সিরাজগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ র‌্যাবকে বিষয়টি জানালে তারা এসে ঘটনাস্থল থেকে দুই কেজি ওজনের বোমাটি উদ্ধার করে। বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, শহরের নতুন বাজার এলাকায় ব্র্যাক অফিসের সীমানা প্রাচীরের কাছ থেকে লাল টেপ মোড়ানো এবং তার পেঁচানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এটি বোমা কি--না, পুলিশ তা নিশ্চিত হওয়ার জন্যে পরীক্ষা করছে।