২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির কাছে মানুষ এখন জিম্মী: বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের মানুষ আজ বাংলাভাই ও শায়খ আব্দুর রহমানের কাছে জিম্মী হয়ে পড়েছে। জেএমবি বোমাবাজ ও সন্ত্রাসী তৈরী করছে। তারা ইসলামের নামে বোমা মেরে হত্যা করছে বিচারক, পুলিশ ও নিরীহ মানুষকে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও  আইজিপি আব্দুল কাইয়ুম। আয়োজনে সভাপতিত্ব করেন এসপি (ঢাকা) বখতিয়ার আলম।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আরো বলেন, এরই মধ্যে বোমাবাজির ঘটনায় সন্দেহভাজন ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০০ মামলা করা হয়েছে বোমাবাজদের বিরুদ্ধে। ৭৬ টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

তিনি জনসাধারণের উদ্দেশে বলেন, পুলিশের একার পক্ষে জঙ্গি দমন করা সম্ভব নয়। আপনারাও এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করবেন। নতুন ভাড়াটের ব্যাপারে সতর্ক থাকবেন। সন্দেহজনক কিছু নজরে পড়লে পুলিশকে  জানাবেন।