মানুষ জীবনযাত্রা ব্যয়ের ৭ দশমিক ৫ শতাংশ ঘুষ দিয়ে থাকে
দেশের মানুষ তাদের জীবনযাত্রার ব্যয়ের ৭ দশমিক ৫ শতাংশ ঘুষ দিয়ে থাকে। এই ঘুষের পরিমাণ দেশের নিু মধ্যবিত্ত শ্রেণীর মোট আয়ের সমান এবং বিশ্বের মধ্যে সর্ব্বোচ্চ।
শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মানবাধিকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখার জামান এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় ৩৬ শতাংশ ঘুষ দিতে হয়। শুধু তাই নয়, ছাত্রীদের জন্যে সরকারের দেওয়া শিক্ষা উপবৃত্তির এক তৃতীয়াংশই ঘুষ হিসেবে দিয়ে দিতে হয়।
তিনি আরো জানান, দেশের পাবলিক হাসপাতালগুলোর বর্হিবিভাগের ৫৪ শতাংশ রোগীকে এক্সরে করাতে ঘুষ দিতে হয়। থানায় সাধারণ ডায়েরি করাতে ৭৪শতাংশ মানুষকে এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্যে ৮০ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয় বলে ড. জামান উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান মানবাধিকার নিশ্চিত করতে সমাজ থেকে দুর্নীতি দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি দূরীকরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চিতদের মানবাধিকার রক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিকারের অধিকারই প্রকৃত মানবাধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তারা সমাজের মানবাধিকার বঞ্চিতদের এই প্রতিকারের অধিকার দিতে পারে।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, বিদেশী দাতাদের চাপের মুখে দেশে দুর্নীতি দমন কমিশন গঠন করা হলেও কমিশনে কোনও গাইডলাইন এবং পর্যাপ্ত জনবল নেই।
একাডেমী অব এডুকেশন ডেভেলপমেন্ট (এইডি) এবং ইউএসএইডের সহযোগিতায় বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাডভোকেসি প্রোগ্রাম (বিএইচআরএপি) দেশে মানবাধিকার লংঘন হ্রাস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএসএইডের কান্ট্রি ডিরেক্টর গ্যানে জর্জ, বিএইচআরএপি/এইডির চিফ অব পার্টি মিস সুসান ওয়ার্ড, লেখিকা সেলিনা হোসেন, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, বাংলাদেশ ইনস্টিউট অব থিয়েটার আর্টসের (বিটা) নির্বাহী পরিচালক শিশির দত্ত।
বক্তারা মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
মেলার অংশ হিসেবে, মানবাধিকার বিষয়ক চূড়ান্ত পর্বের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, মানববন্ধন এবং মানবাধিকার বিষয়ক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
