২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একের পর এক বোমা হামলায় সারাদেশে আতংক

সারাদেশে একের পর এক বোমা হামলায় গোটা দেশ এখন থমথমে। দেশের বিভিন্ন জেলা শহর থেকে পাওয়া খবরে জানা গেছে, সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে শহর। মানুষের মনে আশংকা কখন কোথায় আত্মঘাতী হামলাকারীরা হামলা চালাবে। নেত্রকোণায় সর্বশেষ বোমা হামলা পর বিভিন্ন স্থানের প্রশাসন এখন চুড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, শুক্রবার ফরিদপুরের মসজিদসহ একাধিক স্থানে বোমা হামলা হতে পারে এ আশংকা থেকে শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শহরে মাইকযোগে শহরবাসীকে সাবধানে থাকতে এবং সন্দেহভাজন কোনও ব্যক্তি ও কোনও বস্তু দেখার সাথে সাথেই পুলিশকে জানানোর জন্যে বলা হয়।

শহরে পুলিশ র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা টহল জোরদার করেছে। বসানো হয়েছে চেকপোস্ট।

জুম্মার নামাজের সময় মসজিদগুলোতে ঢোকার সময় মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়।

এদিকে নিরাপত্তার কারণে জঙ্গি হামলা বিরোধী র‌্যালি বাতিল করা হয়।

বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, সারাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি ও জেএমবির বোমা হামলার আশংকায় রাত ১০টার পর দোকান পাট বন্ধ করার জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আলম বিডিনিউজকে বলেন, রাত ১০টার পর থেকে দোকান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন বলেন, অনির্দিষ্টকালের জন্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় অপরিচিত ব্যক্তি ও পেশার লোকজনকে আবাসিক বাসা ভাড়া না দেওয়ার জন্যে শুক্রবার এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর গণবিজ্ঞপ্তিতে বোমা হামলাকারীকে সনাক্ত করার লক্ষ্যে অপরিচিত ব্যক্তি মুখের ভাষার সাথে অসামাঞ্জস্যপূর্ণ ব্যক্তি, নিজ পেশা সম্পর্কে অষ্পষ্ট ও অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদানকারী এবং সন্দেহভাজন গতিবিধির লোকজনের কাছে না দিয়ে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা সদর ও উপজেলা সদরে এ ব্যাপারে মাইকিং করে অনুরোধ করা হচ্ছে।

বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, বোমা হামলার আশংকায় শুক্রবার পঞ্চগড়ের অধিকাংশ মসজিদ থেকে জঙ্গিবাদ বিরোধী কোন মিছিল বের হয়নি। এমনকি পঞ্চগড় শহরের প্রধান মসজিদ বলে খ্যাত কেন্দ্রীয় জামে মসজিদ ও পঞ্চগড় বাজার জামে মসজিদ থেকেও কোন মিছিল বের হয়নি। তবে জুম্মার নামাজের খুতবায় ঈমামরা জঙ্গিবাদ বিরোধী বয়ান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি মসজিদের ঈমাম ও মোয়াজ্জিনরা জানান, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশ ছিল শুক্রবার জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদ বিরোধী বয়ান ও মিছিল করার। পুলিশের পক্ষ থেকেও তাদের পুর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

এ নিয়ে বৃহষ্পতিবার তাদের মধ্যে আলাপ আলোচনার সময় মিছিলে বোমা হামলার বিষয়টিও আলোচিত হয়। অনেকে মিছিলের পক্ষে আগ্রহ দেখালেও নেতৃস্থানীয় অনেকেই এই মিছিলের  বিরোধিতা করেন।

বিডিনিউজ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জেএমবি জঙ্গিরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষকদের চিঠি দিয়ে হত্যা ও বোমা মেরে উদিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় ক্যম্পাসে নতুন করে আতংক দেখা দিয়েছে। হামলার আশংকায় শুক্রবার জুম্মার নামাজের সময় সবাইকে তল্লাশী করে মসজিদে ঢুকতে দেওয়া হয়। অনেকে ভয়ে মসজিদে নামাজ পড়তে যায়নি। সর্বশেষ নেত্রকোণার বোমা হামলার পর থেকে সন্ধ্যার পর শিক্ষার্থীরা হল থেকে বের হচ্ছে না।