দরিদ্র দেশকে ওষুধ উৎপাদনের অনুমতি সংক্রান্ত ডব্লিউটিও’র চুক্তির প্রশংসায় ওয়াশিংটন
এইচআইভি/এইডস, ম্যালেরিয়া, যক্ষা এবং অন্যান্য প্রাণঘাতী রোগের ওষুধের মেধাসত্ত্ব ভঙ্গ করে সস্তায় উৎপাদনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর উপর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন চুক্তি অনুমোদনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওষুধ উৎপাদনের কোন সামর্থ্য নেই এমন দরিদ্র দেশগুলোকে মেধাসত্ত্ব ভঙ্গ করে ওষুধ উৎপাদনের স্থায়ীভাবে অনুমতি প্রদানের ক্ষেত্রে প্রচলিত মেধাসত্ত্ব রক্ষা চুক্তি থেকে ছাড় দিতে বিশ্ব বাণিজ্য সংস্থার জেনারেল কাউন্সিল নতুন চুক্তিটি অনুমোদন করে।
বুধবার ঢাকায় ইস্যুকৃত এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যান বলেন, এটা একটা বিরাট অজর্ন। এর মাধ্যমে এইচআইভি/এইডসসহ অন্যান্য বিপজ্জনক রোগে বিধ্বস্ত উন্নয়নশীল দেশগুলো উপকৃত হবে বলে আমরা আশা করছি।
ডব্লিউটিও সদস্যরা আগামী ১৩--১৮ ডিসেম্বরের হংকংয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগেই উন্নয়নশীল দেশগুলোর জন্যে ওষুধ বিষয়ক চুক্তিটি সম্পন্ন করতে আগ্রহী ছিল।
পোর্টম্যান বলেন, আফ্রিকা গ্র“প এবং অন্যান্য উন্নয়নশীল দেশ হংকং সম্মেলনে আগেই সংশোধনীটি অর্জন করতে চেয়েছিল। এটা সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।
ট্রিপসের শর্ত অনুযায়ী, বাধ্যতামূলক লাইসেন্স প্রক্রিয়ার আওতায় মেধাসত্ত্বের অধিকারীর অনুমতি ছাড়াই কোনো দেশের সরকার মেধাসত্ত্বের আওতাধীন বিশেষ ওষুধটি উৎপাদন অথবা উৎপাদন প্রক্রিয়া ব্যবহারের জন্য কোন প্রস্তুতকারককে অনুমতি দিতে পারে। অবশ্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চাইবার অধিকার মেধাসত্ত্বের অধিকারী প্রতিষ্ঠানের রয়েছে।
ট্রিপস চুক্তি ইতোমধ্যে দেশের ভিতরে ব্যবহারের উদ্দেশ্যে বাধ্যতামূলক লাইসেন্স প্রক্রিয়ার অনুমতি দিয়েছে। তবে মেধাসত্ত্বের ক্ষেত্রে নতুন ছাড়ের কারণে বাধ্যতামূলক লাইসেন্সের আওতায় একটি দেশ সংশ্লিষ্ট ওষুধ উৎপন্ন করে ওই ওষুধ উৎপাদনে অক্ষম এমন দেশে রপ্তানি করতে পারবে। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
নতুন চুক্তিতে শর্তাধীন মেধাসত্ত্ব ভঙ্গের অনুমতি দেওয়া হলেও ডব্লিউটিও’র জেনারেল কাউন্সিলের বৈঠকে সতর্কতাও জানানো হয়েছে। বৈঠকে বলা হয়েছে, শিল্প অথবা বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করতে নয়, জনস্বার্থ রক্ষা করতেই নতুন সংশোধনীটি ব্যবহার করতে হবে।
মেধাসত্ত্ব ভঙ্গ করে বাণিজ্যিক উদ্দেশ্য হাসিল করতে উৎপাদিত ওষুধ ব্যবহার না করতে ডব্লিউটিও চেয়ারম্যান ইতোমধ্যে সতর্কতা জানিয়েছেন।
অধিকাংশ ওষুধের মেধাসত্ত্বের অধিকারী পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে আশংকা প্রকাশ করে বলেছে, উন্নয়নশীল দেশগুলো জনস্বার্থ রক্ষা করার নামে মেধাসত্ত্ব ভঙ্গ করে ওষুধ উৎপাদন করে তা বাণিজ্যিকভাবে লাভজনক কাজে ব্যবহার করবে।
