২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি শীর্ষ নেতাকে ধরতে ব্যর্থ অভিযান

বোমা ও বিস্ফোরক উদ্ধার এবং গাজীপুরে অপারেশন কমান্ডারকে গ্রেফতারের পর উৎসাহিত হয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সোমবার রাতে জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর সানিকে গ্রেফতার করতে রাজধানীতে ব্যাপক অভিযান চালায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ অভিযানের ব্যর্থতার কথা স্বীকার করেছে।

গাজীপুরে বোমা হামলার মূল হোতা এবং জেএমবি’র শীর্ষ নেতা  গ্রেফতারকৃত এনায়েতুল্লাহ ওরফে জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী গাজীপুরে জেএমবির আস্তানায় আকস্মিক অভিযান চালায়। একই সাথে রাজধানীতেও শায়েখ আব্দুর রহমানের ছোটভাই সানিকে গ্রেফতারের উচ্চাশা নিয়ে অভিযান চালায় তারা।

১৮ নভেম্বর থেকে এ পর্যন্ত জেএমবি’র শীর্ষ নেতাদের ধরার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা দ্বিতীয়বারের মতো অভিযান চালাল।

ডিবি ও র‌্যাবের সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা বাসাবোর একটি বাসা ও কয়েকটি আবাসিক হোটেলে এবং গাজীপুরে অভিযান চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানায়, জেএমবি’র সামরিক শাখার ওই শীর্ষ নেতাকে নাগালের মধ্যে পেয়েও ধরতে পারেনি।

জুয়েলকে ও তার স্ত্রী স্বপ্নাকে সোমবার গাজীপুরের তেলিপাড়া থেকে গ্রেফতার করা হয় এবং এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মহানগরীর বনশ্রী এলাকায় ১৯ নভেম্বর র‌্যাব ব্যাপক অভিযান চালায়। জেএমবি’র বিরুদ্ধে রাজধানীতে সেটিই প্রথম ব্যাপক অভিযান।

গোপন সূত্রে খবর পেয়ে বনশ্রী প্রকল্পের ১৬৪/এ নম্বর ফ্ল্যাট থেকে শায়খ আব্দুর রহমানকে গ্রেফতার করার জন্য ঝটিকা অভিযান চালায়। কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়।

শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আওয়ালের কাছ থেকে তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। ১৮ নভেম্বর ঠাকুরগাঁও থেকে শীর্ষ পাঁচ জেএমবি নেতার একজন আওয়ালকে গ্রেফতার করা হয়।

গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত জেএমবি সারাদেশে আদালত ও পুলিশের ওপর বেশকিছু আত্মঘাতী আক্রমণ চালিয়েছে। এতে এ পর্যন্ত ২১ জন নিহত হয়েছে।

জেএমবি’র ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদুপরে যে বোমা হামলা চালায় তাতে তিনজন নিহত হয়।

পরে ১৪ অক্টোবর ঝালকাঠি আদালতে বোমা হামলায় দুই বিচারক নিহত হয়।

১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।

২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে আবার হামলা চালানো হলে একজন নিহত ও ২০ জন আহত হয়।