পাবনায় জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা
পাবনার সুজানগরে এক দল সশস্ত্র সন্ত্রাসী সোমবার গভীর রাতে জামায়াত কর্মী শামসুল ইসলামকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে। সে সুজানগর উপজেলার পৌর এলাকার নিউগির বনগ্রামের রজব আলীর ছেলে।
পুলিশ জানায়, বনগ্রামের পার্শ্ববর্তী একটি মাঠে শ্যালো মেশিনের ঘরে শামসুল ইসলাম ঘুমিয়ে ছিল। গভীর রাতে সাত/আট জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মেশিন ঘরে প্রবেশ করে তাকে নৃশংসভাবে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে সুজানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
