মেয়র কামরানের ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে শান্তিপূর্ণ হরতাল পালিত
মেয়র কামরানের ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের ডাকে রোববার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। সরকার বিরোধী আন্দোলনরত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরীক দলগুলোও এতে সমর্থন দেয়।
সিলেট শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা যায়। তবে বেশির ভাগ স্থানে হরতাল পালন হয়েছে অনেকটা স্বত:স্ফুর্তভাবেই। সকাল থেকেই বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতাল চলাকালে শহরের কোথাও কোনো ভারি যানবাহন চলেনি। তবে সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় রিকসাসহ হাল্কা যানবাহন চলাচল করেছে।
সরকারি অফিসগুলো খোলা থাকলে উপস্থিতির হার ছিল অত্যন্ত কম। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই হরতালের সময় বন্ধ ছিল। ব্যাংকগুলোতে এ সময় তেমন কোনো লেনদেন হয়নি।
সিলেট সদরসহ জেলার বিভিন্ন থানা এলাকার স্কুল--কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। সকাল থেকেই দোকান-পাট বন্ধ ছিল।
হরতাল শেষে বেলা ২টায় জেলা শহরের কোর্ট পয়েন্টে জেলা আওয়ামী লীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি আনম শফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে বোমা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
শুক্রবার সিলেটে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনকালে মেয়র কামরানকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারা হয়। গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় তিনি রক্ষা পান।
