২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা ও গাজীপুরে সাংবাদিকদের হত্যার হুমকি

গাইবান্ধা ও গাজীপুরে ১৪ সাংবাদিককে হত্যার হমকি দেওয়া হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবে শনিবার ডাকযোগে আসা চিঠিতে ছয় সাংবাদিকের নামে হুমকি দেওয়া হয়। এদিকে গাজীপুরে ডিসি অফিসের সামনে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের পরপরই আট সাংবাদিকের নামে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ঘটনার ধরন দেখে সাংবাদিকরা সন্দেহ করছেন, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার বিশিষ্ট ছয় সাংবাদিককে শনিবার হত্যার হুমকি দিয়ে ইসলামী জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন প্রেসক্লাবে চিঠি পাঠিয়েছে।

ওই চিঠিতে জনকণ্ঠের আবু জাফর সাবু, যুগান্তরের গোবিন্দলাল দাস, ডেইলি স্টারের কেএম রেজাউল হক, সমকালের অমিতাভ দাশ হিমুন, মানব জমিনের আলম দয়াল এবং এনএনবি’র রজতকান্তি বর্মণকে হত্যার হুমকি দেওয়া হয়।

সাবধান বাণী শিরোনামের হাতে লেখা চিঠিতে বলা হয়, ‘তোমরা আমাদের বিরুদ্ধে এখনও লিখছো। আর যদি কোনও সংবাদ আমাদের বিরুদ্ধে লেখো, তাহলে আল্লাহ ছাড়া কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এটা শেষ সাবধান বাণী। আমরা চার জন এখনও গাইবান্ধায় আছি।’

চিঠির শেষে জেএমবি, ৩ ডিসেম্বর, গাইবান্ধা উল্লেখ করা হয়েছে।

এ হুমকির খবরে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং তারা নিরাপত্তার দাবি জানান।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বোমা হামলার দিন বিকেলেই ডাকযোগে প্রাণনাশের হুমকি দেওয়া হয় জাতীয় পত্রিকা ও ইলেক্টনিক মিডিয়ার আট জন সাংবাদিককে।

নির্ভুল বানানে নাম লিখে সাংবাদিকদের দেওয়া চিঠিটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা সন্দেহ করছেন, তাদের ঘনিষ্ঠ বা সংবাদপত্রের সঙ্গে জড়িত কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।

হুমকিদাতারা কেবল চিঠি দিয়েই ক্ষান্ত হয়নি, তা পোস্ট অফিস থেকে সংগ্রহ করার জন্যে দুই সাংবাদিককে মোবাইল ফোনে পরামর্শও দিয়েছে। ফোনে একজনকে ডাক নামে সম্বোধন করায় সন্দেহ আরো গাঢ় হয়।

এর আগে ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের টেবিলের নিচ থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। অথচ ওই স্থানে বাইরের কোনও ব্যক্তির প্রবেশ দুরূহ ব্যাপার ছিল।

১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ জিয়াউর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করে কয়েক দফায় রিমান্ডে নেয়। এই জিয়া গাজীপুর থেকে প্রকাশিত একটি পত্রিকার এক সাংবাদিকের ভাই। এক জঙ্গির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে পুলিশ জিয়াকে ধরলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়।

১৭ আগস্টের বোমা হামলার পর জিয়ার ওই ভাই আত্মগোপন করলেও সম্প্রতি তাকে আবার শহরে দেখা যাচ্ছে।