১৯৭১’র পর এতবড় বিপর্যয় কখনও আসেনি: জঙ্গি উত্থান প্রসঙ্গে অপরাধ বিশেষজ্ঞ ড. এনাম
সরকারি ও বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ, এমনকি আইন--শৃংখলা বাহিনী ও গোয়েন্দাদের ব্যর্থতা দেশে জঙ্গিবাদ উত্থানের পেছনে দায়ী। একই সঙ্গে দায়ী গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়হীনতা।
এই বক্তব্য সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এবং অপরাধ বিশেষজ্ঞ ড. এম এনামুল হকের।
বিডিনিউজের সঙ্গে সাক্ষাৎকারে আইন কমিশন সদস্য ড. এনামুল হক বলেন, ১৯৭১ এর পর দেশের জন্য এত বড় বিপর্যয় আর কখনও আসেনি। তিনি বার বার বলেন, ‘সময় সব কিছুই ফাঁস করে দেবে।’
সাবেক পুলিশ প্রধান বলেন, এভাবে জঙ্গি উত্থান চলতে থাকলে দেশের ব্যবসা--বাণিজ্য অচল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে বিনিয়োগ।
তিনি জানান, ১৭ আগস্ট একযোগে সারাদেশে জঙ্গিদের বোমা হামলার পর তারা ১০ জন অপরাধ বিশেষজ্ঞ বসে আলোচনা করেন, এরপর কি ঘটতে যাচ্ছে। কিন্তু তারা কেউই বুঝতে পারননি এত তাড়াতাড়ি দেশের পরিস্থিতির অবনতি হবে।
তিনি আশংকা প্রকাশ করে বলেন, বোমা হামলার আতঙ্কে বিচারক, আইনজীবী, পুলিশ, সাংবাদিক কেউই যদি তাদের কাজে না যায়, তাহলে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে!
তিনি বলেন, হামলাকারী জঙ্গিদের ‘ব্রেইন ওয়াশ’ করে তাদেরকে একেকটি ক্ষুদে শয়তান হিসেবে তৈরী করা হয়েছে।
দেশে যে এধরণের শক্তির উত্থান প্রসেঙ্গ সাবেক আইজিপি ড. এনাম বলেন, গোয়েন্দারা আশানুরুপ সাফল্য দেখাতে পারেনি। তারা সমস্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের কার্য পদ্ধতিতেও রয়েছে ত্র“টি।
তিনি আরো বলেন, দেশে অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে তাদের কর্মপদ্ধতির ভেতর কোনো সমন্বয় নেই। তারা যে খবর পাচ্ছে, দেশের বৃহত্তর স্বার্থে তা অন্য গোয়েন্দা সংস্থার সাথে শেয়ার করা দরকার হলেও তা করে কি না সন্দেহ।
সম্প্রতি বনশ্রী এলাকা থেকে জঙ্গি নেতা শায়েখ আব্দুর রহমানের পালিয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আগেই তার বিরুদ্ধে অভিযানের তথ্য ফাঁস করা হয়েছিলো। তার মতে, এ জন্য কাউকে চিহ্নিত করা হলে, তাকে প্রচলিত আইনের দ্বিগুন শাস্তি দেওয়া দরকার।
ড. এনাম বলেন, আগেও জঙ্গি তৎপরতার খবর জানা ছিলো। সাধারণ মানুষ জেনেছে বছর খানেক আগে। কিন্তু এতদিন এদের অপতৎপরতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এখন বিস্ময়কর জঙ্গি উত্থানের পর বিষয়টি সকল মহলই আমলে নিয়েছে।
জঙ্গিদের কারা মদত দিচ্ছে, তা জানতে চাওয়া হলে সাবেক আইজিপি বলেন, ‘সময়ই সব কথা বলে দেবে। এখনো সে সব প্রকাশ করার সময় আসেনি।’
তিনি বলেন, আফগানিস্তানে জঙ্গি উত্থানের মদদদাতাদের সম্পর্কেও আগেভাগে কেউ বুঝতে পারেনি।
সাবেক আইজিপি বলেন, ‘এ দেশে শুধু জেএমবি নয়, অন্য নানা মুখোশের আড়ালেও তারা ঘাপটি মেরে আছে। আমি খুবই বিচলিত; কারণ পালেস্টাইন এবং আফগানিস্তানের সাথে আমাদের দেশের পরিস্থিতির কোনো মিল নেই। তারপরও আমাদের দেশের মানুষ নিজেকে বলি দিচ্ছে কিসের স্বার্থে? এটা খুবই ভয়াবহ ইঙ্গিত!’
জঙ্গি মদদদাতাদের মধ্যে তার ভাই, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘সত্য কোনোদিন ঢাকা থাকে না। যদি আমার ভাই দায়ী হয়, তবে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। তবে আমি বলতে পারি, আমাদের পরিবারের কেউ ওই জাতের নই। আমার ভাইয়ের নামটা কেনো এসেছে, তা সবাই জানে। যে এ সব বলছে, সে আসলে হিংসার বশবর্তী হয়ে বলেছে।
জঙ্গি উত্থান প্রতিরোধে সাবেক আইজিপি বলেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিলো। ১৯৭১ সালের পর এমন দুর্যোগময় অবস্থা এরআগে কখনো আসেনি। এখন উচিত হবে সবাই ঐক্যবদ্ধ হওয়া। তা না হলে আমাদের অস্তিত্বই থাকবেনা। সব মানুষ ঐক্যবদ্ধ হলে দুস্কৃতিকারীরা দুর্বল হয়ে যাবে।
ড. এনাম আরো বলেন, আইন -- শৃংখলা রক্ষায় পুলিশ সবচেয়ে বড় সংস্থা। কিন্তু দিন দিন মানুষের তাদের ওপর নির্ভরশীলতা কমে যাচ্ছে। এমনকি সরকারেরও এ সংস্থার ওপর আগের মতো নির্ভরশীলতা নেই। এজন্য সরকার ও পুলিশ বাহিনী উভয়েই দায়ী। একবার কেউ মাথা নোয়ালে তাকে বার বার তাইই করতে হয়।
তিনি বলেন, তাছাড়া এখন অপরাধের ধরণও পরিবর্তন হয়েছে। এজন্য র্যাব বা নতুন নতুন বাহিনী তৈরী করা হয়েছে। তবে যে বাহিনীই আইন - শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আসুক না কেনো, যদি মূল উদ্দেশে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশে হাসিল করার জন্য তাদের ব্যবহার করা হয়, তাহলে সময় তার সঠিক জবাব দেবেই। এটি অনিবার্য।
