২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কড়াকড়ি আরোপে হতাশ উৎসবপালনকারীরা

নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার আশংকা থাকায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ইংরেজি বর্ষের শেষ রাত থার্টি ফার্স্ট নাইটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উৎসব উদযাপনের উপর কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে আগ্রহী উদযাপনকারীরা হতাশ হয়ে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বিডিনিউজ কক্সবাজার ও পটুয়াখালীর সংবাদদাতারা জানিয়েছেন, দু’টি উপকূলীয় পর্যটন স্থানে উৎসব উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রাজধানীতে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে যে কোন নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা শনিবার ভোর রাতে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ১১২জন বহিরাগতকে আটক করেছে।

পুলিশ ঢাবি’র ১২টি আবাসিক হল, নীলক্ষেতের স্টাফ কোয়ার্টার, পলাশী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আবাসিক এলাকায়, ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে।

বিডিনিউজের পটুয়াখালী সংবাদদাতা জানান, জেলা প্রশাসন থার্টি ফার্স্ট উদযাপনের উপর কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে শত শত পর্যটককে কুয়াকাটা সমুদ্র সৈকত ত্যাগ করতে দেখা গেছে। কড়াকড়ি আরোপের বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শত শত পর্যটক ৩১ ডিসেম্বর প্রাক্কালে কুয়াকাটা সমুদ্র সৈকতে সমবেত হয়েছিল। কিন্তু উৎসব উদযাপনের উপর কড়াকড়ি আরোপের কারণে তাদের অনেককেই ওই এলাকা ত্যাগ করতে দেখা গেছে।

বোমা হামলার আশংকা থাকায় জেলা প্রশাসন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সমুদ্র সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা পর্যটকদের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করায় পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রশাসন রাখাইন পল্লীতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর সমুদ্র সৈকতের দুই কিলোমিটার এলাকার মধ্যে মোটর গাড়ি চালাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ বলেছেন, শুক্রবারের আগে পর্যটকরা স্থানীয় হোটেলগুলোর সকল কক্ষ আগাম বুকিং দিয়ে রেখেছিল। কিন্তু ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা ও উৎসব উদযাপনের উপর কড়াকড়ি আরোপের ফলে তারা পরবর্তীতে হোটেল ত্যাগ করতে শুরু করে।

কক্সবাজারের শহরেও পর্যটকদের চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং এর ফলে উৎসব উদযাপনের আগ্রহীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন।

জেএমবি’র নাশকতামূলক তৎপরতার আশংকা থাকায় কক্সবাজার জেলা প্রশাসন বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।