২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বোমাবাজ জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত, তাদের কারণে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সংবিধান হুমকির মুখে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি জামাত জোট সরকার উগ্র মৌলবাদি সশস্ত্র জঙ্গি সন্ত্রাসী বোমাবাজদের সঙ্গে সরাসরি জড়িত। আর জেএমবি হলো তাদের সহযোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের জরুরি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসের মদদদাতা এ সরকার সন্ত্রাসের দানব সৃষ্টি করে তাদের পৃষ্ঠপোষকতা করছে। আর তাদের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংবিধান আজ হুমকির মুখে।

জোট সরকারের সবুজ সংকেত পেয়ে জঙ্গিবাদিরা আবার মাঠে নেমেছে- এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, সার্ক সম্মেলন চলাকালে সরকার এদের ঠেকিয়ে রেখেছিল। এ অনুষ্ঠানের ক’দিন আগে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর এবং পরে ঝালকাঠিতে বোমা হামলা চালানো হয়। কিন্তু সার্ক সম্মেলনের সময় তাদের তৎপরতা বন্ধ ছিল। এতেই বোঝা যায়, সরকার স্বয়ং বোমাবাজদের সঙ্গে জড়িত এবং তারা ইচ্ছে করলেই এসব বোমা হামলা বন্ধ করতে পারে।

মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ১৭ আগস্টের বোমাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে এমন ঘটনা ঘটতো না। কিন্তু এ ঘটনায় প্রমাণ হয়, এ সরকার বিচার বিভাগ, আইনজীবী, এমনকি আদালতের নিরাপত্তার জন্যেও কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, জোট সরকারের আশ্রিত এ জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ছাড়ছে না তারা। বিচার বিভাগের ওপর একের পর এক বোমা হামলার ঘটনায় বোঝা যাচ্ছে,  এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ, উদাসীন অথবা দিতে চায় না।

বিরোধী দলীয় নেতা বলেন, ‘বাংলা ভাই’য়ের এক নম্বর সহযোগী মাহতাব খামারিকে র‌্যাব ধরে ছেড়ে দিয়েছে। অথচ অন্য কাউকে ধরলে ‘ক্রসফায়ারে’ নিত। খামারিকে ছেড়ে দেওয়া হলো কেন- এটিই এখন প্রশ্ন। হাওয়া ভবনের নির্দেশেই এটি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার এসকল বোমাবাজি ও মানুষ হত্যার দায় দায়িত্ব কোনোভাবেই অস্বীকার করতে পারবে না।