বিশিষ্ট সাংবাদিক শাহাদাত চৌধুরী আর নেই
বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মুক্তিযোদ্ধা শাহাদাত চৌধুরী সোমবার রাত ১টা ৩০ মিনিটে নগরীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি.........রাজিউন)।
গত কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুুগছিলেন। গত বছর তার মস্তিস্কের টিউমার রে থেরাপির মাধ্যমে অপসারণ করা হয়। তার ফুসফুসে পানি জমা হওয়ার সমস্যা আরো জটিল হয়ে ওঠে।
মরহুমের পরিবারিক সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭ টায় শাহাদাত চৌধুরীর মরদেহ প্রথমে মহাখালীর ডিওএইচএস- এর নিজ বাসায় আনা হবে। পরে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজের সর্বস্তরের জনগণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে। বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হবে।
শাহাদাত চৌধুরী ১৯৪৩ সালের ২৮ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। চারুকলা ইনষ্টিটিউটের ছাত্র শাহাদাত চৌধুরী মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। স্বাধীনতা অর্জনের পর দেশ গড়ার লক্ষ্য নিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। প্রথমে দৈনিক বাংলা পরে বিচিত্রায় যোগ দেন। তার নেতৃত্বে বিচিত্রা দেশ ও বিদেশে জনপ্রিয় পত্রিকা হয়ে ওঠে। তিনি বর্তমানে সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই কন্যা, চার ভাই, ও চার বোন সহ দেশ বিদেশের অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহাদাত চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দিন অভি এবং সাধারণ সম্পাদক ইমামুল হক শামীম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন, শাহাদাত চৌধুরীর মৃত্যুতে দেশ একজন অসাম্প্রদায়িক সৎ ও সাহসী সাংবাদিক হারালো।
