২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের প্রতিবাদে এক সার্জেন্টের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে চবি ছাত্ররা, গ্রেপ্তার ৩

ট্রাফিক সার্জেন্টের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নির্যাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে ছাত্ররা এক সার্জেন্টকে মারধর ও তার মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

চাঁদাবাজির প্রতিবাদ করায় সমাজতত্ত্ব বিভাগের ছাত্র হেদায়েত উল্যাহ সুমনকে রোববার রাতে নগরীর ওয়াসা মোড়ে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম হ্যান্ডকাপ পরিয়ে ও গাছের সাথে বেঁধে প্রায় এক ঘন্টা আটকে রাখে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনযোগে শহর ফেরত ছাত্ররা নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকায় দুপুর আড়াইটায় সার্জেন্ট শহীদুল হকের ওপর ছড়াও হয় এবং তার মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

পাঁচলাইশ থানার টহল পুলিশ এসে বিক্ষুদ্ধ ছাত্রদের হাত থেকে সার্জেন্ট শহীদুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ ঘটনাস্থল থেকে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র শরীফুল হক, পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের ছাত্র জাকিরুল কায়সার এবং স্থানীয় যুবক মাফুল মাওলাকে গ্রেপ্তার করে।

এদিকে সিএমপি সূত্র জানিয়েছে, রোববার রাতে ছাত্র নির্যাতনকারী সার্জেন্ট জসিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

সার্জেন্টকে মারধর ও মটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদের বিরুদ্ধে মামলা দাযেরের প্রস্তুতি চলছে বলে পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।