২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ চালু

ভৈরবের মনামরা ব্রিজের ওপর মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘন্টা পর ঢাকার সাথে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ভৈরব বাজার রেলওয়ে স্টেশনের অদূরে মনামরা ব্রিজের ওপর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে লালমনিরহাটগামী এমটি র‌্যাক স্পেশাল মালবাহী ট্রেনের দু’টি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এক সপ্তাহের মধ্যে একই রেল সড়কে এটি তৃতীয় দুর্ঘটনা।

এতে ঢাকা--চট্টগ্রাম, ঢাকা--সিলেট, ঢাকা--নোয়াখালীসহ পূর্বাঞ্চলীয় রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভৈরব বাজার রেলওয়ে কন্ট্রোলরুম সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে স্টেশনের একটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে এবং মালবাহী ট্রেনটির সামনের অংশ ভৈরব এবং পেছনের অংশ তালশহর রেলওয়ে স্টেশনে নিয়ে গেছে। বিকেল ৪টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভৈরব বাজার রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে বোঝা যায়, বগি দু’টির সংযোগ হুক ঠিকভাবে না লাগানো থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তে ট্রাফিক ইনস্পেক্টর মুজিবরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

এদিকে দুর্ঘটনার ফলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, আন্তঃনগর মহানগর প্রভাতীসহ ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, নাছিরাবাদ এক্সপ্রেস, বিভিন্ন স্টেশনে আটকা পড়ে থাকে। এর ফলে শত শত যাত্রীকে  দুর্ভোগ পোহাতে হয়।

এর আগে ভৈরবের কাছাকাছি নরসিংদীর আমীরগঞ্জে আরো দু’টি ট্রেন দুর্ঘটনা ঘটে।

প্রথমটি ঘটে ২০ নভেম্বর। এতে একটি যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ২০--২৫ জন আহত হয়। পূর্বাঞ্চলের রেল যোগাযোগ আট ঘন্টা বন্ধ থাকে।

দ্বিতীয়টি ঘটে ২২ নভেম্বর। দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় একশ’ জন আহত হয়। রেল যোগাযোগ বন্ধ থাকে প্রায় সাড়ে ঘন্টা।