বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
বাগেরহাটে বৃহস্পতিবার ভোরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
আহতদের মধ্যে দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি বিভিন্ন মালামাল নিয়ে খুলনা থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলায় যাচ্ছিলো।
নিহতরা হচ্ছে, ট্রাকের হেলপার, কচুয়া উপজেলার যশোরদি গ্রামের আলতাফ হোসেন তালুকদারের ছেলে জুয়েল তালুকদার (২৫), শরণখোলা উপজেলার উত্তর নলবুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে শহিদ হাওলাদার (৩২) এবং যশোরের একটি মসজিদের ইমাম ও শরণখোলা উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত হাশেম ফরাজীর ছেলে হাফেজ নূরুল ইসলাম ফরাজী (৭২)।
আহতদের মধ্যে মোরেলগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী ফারুক মোল্লা (৪০), লিটন শেখ (৩২) কে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেঁচে যাওয়া ট্রাকযাত্রী কাঁচামাল ব্যবসায়ী মো: আলতাফ হোসেন জানান, তিনিসহ মোরেলগঞ্জ ও শরণখোলার একদল কাঁচামাল ব্যবসায়ী খুলনার নিরালা বাজার থেকে কাঁচামাল কিনে শরণখোলা ট্রান্সপোর্ট এর একটি ট্রাকে করে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে রওনা হন। ট্রাকটি দুর্ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ট্রাকটি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে এবং চালকের পাশে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে নিহত নূরুল ইসলাম ফরাজীর পুত্র রফিকুল ইসলাম বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন।
