২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ বানচাল করতে পূর্বপরিকল্পিত পরিবহন ধর্মঘট

বিরোধী দলের মঙ্গলবারের মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে পরিবহন মালিক সমিতির একাংশের মদদে সরকারপন্থি পরিবহন শ্রমিকরা সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্যে বাস--ট্রাক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বিরোধী রাজনৈতিক দলসমূহ ও তাদের শ্রমিক অঙ্গসংগঠগুলোর নেতৃবৃন্দ বলেছেন, সরকারপন্থি শ্রমিকরা যাতে ধর্মঘট আহ্বান করতে পারে, সে জন্যে ইস্যু তৈরি করতে সরকার গোপন বোঝা--পড়ার মাধ্যমে বিএনপিপন্থি শ্রমিক নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি শাহজাহান খান এমপি বলেন, মহাসমাবেশ বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে মুজিবুর রহমানকে গ্রেপ্তার এবং পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, ঢাকায় বিরোধী ১৪ দলের মহাসমাবেশে অংশ নিতে লোকজন যাতে ঢাকায় আসতে না পারে, সে লক্ষ্যে পরিবহন শ্রমিক নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে শ্র্র্রমিকদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেইসাথে তাদের অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দিতে বাধ্য করেছে।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা ছাড়াই উত্তরবঙ্গের আঞ্চলিক পরিবহন কমিটি ধর্মঘটের ডাক দিয়েছে। এ সম্পর্কে আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান খান বলেন, আমরা রাজনীতির দাবার গুটি হতে চাই না।

সূত্র জানিয়েছে, আওয়ামী লীগপন্থি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। সরকার--সমর্থিত ধর্মঘট যদি মঙ্গলবার সন্ধ্যার মধ্যে প্রত্যাহার করে না নেয়া হয়, তাহলে তারাও অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের ডাক দেবেন বলে আওয়ামীপন্থি শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছেন।

পরিবহন নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনের লেট--নাইট নিউজে যখন ধর্মঘটের খবর পরিবেশন করা হয়, তখনই বিএনপি’র লোকদের ডাকা এ ধর্মঘট সম্পর্কিত পূর্বপরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

বিএনপিপন্থি পরিবহন শ্রমিকদের নেতা হাবিবুর রহমান বিটিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মুজিবুর রহমানকে ছেড়ে দেওয়া না হলে তারা ধর্মঘট চালিয়ে যাবেন। স্পষ্ট কোনও কারণ ছাড়াই র‌্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, মহাসমাবেশে যেন লোকজন ঠিকমত আসতে না পারে, সে জন্যে সরকার পরিকল্পিতভাবে যানবাহন চলাচল ব্যাহত করতে মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে, এটি পরিষ্কার।

কেবল বিএনপিপন্থি পরিবহন শ্রমিকরাই নয়, বিএনপি--সমর্থিত পরিবহন মালিক সমিতিও পরিকল্পিত ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।

ক্ষমতাসীন জোট সরকারের সংসদ সদস্য এবং বাংলাদেশ বাস--ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান জিএম সিরাজ বলেছেন, তারা পরিবহন ধর্মঘটের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন। মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হলেই ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে।

বিআরটিডব্লিউএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোমবার ঢাকায় এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা অন্যদের না জানিয়ে ধর্মঘটন আহ্বান করায় সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের কঠোর নিন্দা জানান।

বৈঠক শেষে শাহজাহান খান বিডিনিউজকে বলেন, মুজিবুর রহমানকে গ্রেপ্তার যদিও পূর্বপরিকল্পনার অংশ, তারপরও আমরা তার মুক্তি চাই। কেবল উত্তরাঞ্চলের জেলাগুলোতে ডাকা ধর্মঘটকে আমরা সমর্থন করছি।

তবে তিনি বলেন, বৈঠকে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে মহাসমাবেশের জন্যে যেসব বাস বা ট্রাক লোকজন আনা নেওয়া করবে সেগুলো ধর্মঘটের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া না হলে এবং সরকারের সঙ্গে বিআরটিডব্লিউএফ যে চুক্তি করেছে, নির্ধারিত সময়ের তা বাস্তবায়ন না করলে তারা ২৪ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

এটি এখন স্পষ্ট, বিএনপির ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘটের সাথে ফেডারেশনের কোনও যোগসূত্র নেই।

বিআরটিউব্লিউ সভাপতি ওয়াজিউদ্দিন খানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি শাহজাহান খান, সহসভাপতি আবদুর রহিম দুলু, সাদিকুর রহমান হিরু ও ফজলুল করিম শেলী, যুগ্মসম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ও শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এ বৈঠকে অনুপস্থিত ছিলেন।