২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে আইন মন্ত্রীকে হত্যার হুমকি সম্বলিত চিঠি ও বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ভূমি অফিস থেকে সোমবার ভোরে পুলিশ বোমা সদৃশ বস্তু এবং আইন মন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি উদ্ধার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

এ ঘটনায় প্রশাসনসহ সর্বত্র আতংক বিরাজ করছে।

পুলিশ জানায়, সকালে ভুমি অফিসের লোকজন লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো তারযুক্ত বোমাকৃতির বস্তু দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর আলমকে সংবাদ দেয়।

তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

নোয়াখালী জেলা প্রশাসক শাহাদত হোসেন মজুমদার ও পুলিশ সুপার একেএম শহিদুর রহমান (পিপিএম) তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান এবং পুলিশের বিস্ফোরক দলকে খবর দেন।

তবে বিস্ফোরক দল আসার আগেই ভূমি অফিসের কর্মকর্তাদের সামনে থানার এসআই নূর হোসেন বস্তুটি খুলে এতে সিগারেটের প্যাকেটে ইটের টুকরো ও একটি হাতের লেখা চিঠি উদ্ধার করেন।

উদ্ধারকৃত চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোম্পানীগঞ্জের মিশন সফল করতে ২১ জন মুজাহিদ নিজেকে কোরবানী দিতে সদা প্রস্তুত রয়েছে। পত্রিকায় লিখে কোন লাভ নেই। প্রথমে অফিসগুলো এবং পরে আইন মন্ত্রী মওদুদ ও তার আইনকে ধ্বংস করা হবে। বস্তুটি রেখে আগাম সংকেত দেওয়া হল।

এ ব্যাপারে পুলিশ সুপার একেএম শহিদুর রহমান বিডিনিউজকে বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ এ কাজ করতে পারে।

তিনি বলেন, আগের চিঠির সাথে এ চিঠির হাতের লেখার মিল রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে একই অফিস থেকে একটি উড়ো চিঠিতে আইন মন্ত্রীকে দাফন করার হুমকি দেওয়া হয়।

পুলিশের ধারণা, এটি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র সুইসাইড স্কোয়াডের কাজ।