২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নিহত

খুলনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) কথিত ক্রসফায়ারে সোমবার ভোরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) একজন আঞ্চলিক সদস্য নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 04:04 PM

Updated : 06 Jul 2022, 09:36 PM

নিহত চরমপন্থির নাম ইদ্রিস আলী ওরফে আরিফ।

র‌্যাব-৬ জানায়, রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আরিফ তার অস্ত্র ভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

র‌্যাব জানায়, তার তথ্য অনুযায়ী ইদ্রিস ওরফে আরিফকে নিয়ে র‌্যাব-৬ এর একটি বিশেষ দল রোববার রাতে জেলার রূপসা উপজেলার মহিষাঘুনি গ্রামে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযানে বের হয়। সোমবার ভোরের দিকে উপজেলার আমদাবাদ গ্রামে র‌্যাবের দলটি পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায়। এ সময় সুযোগ বুঝে আরিফ পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত আরিফের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি পাইপগান এবং পাঁচ রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে দু’টি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।