খুলনায় আবারও ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলা
খুলনায় আবারও ট্রাফিক পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার মহানগরীর পিকচার প্যালেস সিনেমা হলের মোড়ে সন্ত্রাসীদের বোমা হামলায় ট্রাফিক পুলিশ মনির সরকার আহত হয়েছেন।
সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে কনস্টেবল মনিরসহ তিন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় কে বা কারা তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরিত বোমার স্লিন্টারে মনিরের দু’পা গুরুতর জখম হয়।
আহত মনিরকে দ্রুত উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার নগরীর দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় একই কায়দায় ট্রাফিক সার্জেন্ট ফয়সাল আহমেদকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়। তবে লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
