সশস্ত্র বাহিনী দিবস সোমবার
সশস্ত্র বাহিনী দিবস সোমবার ।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সেনা, বিমান ও নৌ বাহিনী বিশেষ কর্মসূচি গ্রহন করেছে।
দিনটি পালন উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী (যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে) বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রোববার এক আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
দিনটি পালন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনী প্রধান সোমবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীর শ্রেষ্ঠদের উত্তারাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তারাধিকারীদের সম্মানে এক সম্বর্ধনার আয়োজন করবেন।
এছাড়া সেনা, বিমান ও নৌ বাহিনীর প্রধানগনও নিজ নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের সম্মানে অনুরূপ সম্বর্ধনার আয়োজন করবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।
উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রতিবছর ঐতিহাসিক এই দিনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়ে থাকে।
