‘স্ট্রোক ও হার্ট অ্যাটাক সম্পূর্ন ভিন্ন রোগ’
স্ট্রোক ও হার্ট অ্যাটাক সম্পূর্ন ভিন্ন রোগ। এ সম্পর্কে জনগণের ভ্রান্ত ধারণা দূর না হলে স্ট্রোকের যথাযথ চিকিৎসা সম্ভব নয়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সোসাইটি অব নিউরোলজি অব বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আনোয়ার উল্লাহর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন মিডফোর্ড মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান ডা. এমএ হাই। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারডেমের অধ্যাপক ডা. সিরাজুল হক।
ডা. এমএ হাই বলেন, স্ট্রোক মস্তিস্কের রক্ত নালীর রোগ। আর হার্ট অ্যাটাক হৃদপিণ্ডের রোগ। তাই স্ট্রোক হলে স্নায়ু রোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, স্ট্রোক করার ছয় থেকে ২৪ ঘন্টার মধ্যে যথাযথ চিকিৎসা পেলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। কিন্তু উপযুক্ত চিকিৎসার অভাবে দেশে প্রতি বছর পাঁচ লাখ লোক নতুন করে এ রোগে আক্রান্ত হন।
অধ্যাপক ডা. আনোয়ার উল্লাহ বলেন, একবার স্ট্রোক হওয়া রোগিদের আবারো এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রক্তনালীর ত্রুটি দূর করতে পারলে এ রোগ প্রতিরোধ সম্ভব।
চিকিৎসকরা জানান, দেশে মাত্র ৪৫ জন স্নায়ুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। মাত্র ১১টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্নায়ু রোগের চিকিৎসা দেওয়া হয়।
