সাংবাদিকদের পিআরএসআইএফ’র সংবাদ সম্মেলন বর্জন
দারিদ্র নিরসন কৌশল বাস্তবায়ন ফোরামের তিনদিন ব্যাপী সম্মেলন শেষে সরকার ও দাতাগোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং বৃহস্পতিবার সাংবাদিকরা বর্জন করেছেন।
আয়োজকদের অসহযোগিতার প্রতিবাদে সাংবাদিকরা এই বর্জন কর্মসূচী পালন করেন।
অথ্যমন্ত্রী এম সাইফুর রহমান এনইসি মিলনায়তন থেকে বের হওয়ার সময় তার কাছে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার জাকারিয়া কাজল অভিযোগ করেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে এবং সম্মেলনের খবরাখবর প্রদানের জন্যে গঠিত মিডিয়া সেলের কর্মীরাও সাংবাদিকদের সহযোগিতা করেন নি।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে, এটি উচ্চ পর্যায়ের বৈঠক এবং এটা রিপোর্টারদের জন্যে নয়, সম্পাদকদের জন্যে। জাকারিয়া কাজল বলেন, এটি একটি অবাস্তব ধারনা, কারণ সম্পাদকরা কখনো কোনও ইভেন্ট কভার করেন না, করেন রিপোর্টাররা।
অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করা হয়নি বলেও অভিযোগ করেন সাংবাদিকরা।
আর এর প্রতিবাদ হিসেবেই সাংবাদিকরা এ অনুষ্ঠান বর্জন করেন।
