২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

সিরাজগঞ্জে বৃহস্পতিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সূত্র জানায়, সিরাজগঞ্জ-হাটিকুমরল মোড়ে সকাল দশটার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় জামালউদ্দিন (৫০)।

বেলা ১২ টায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের বানিয়াগাঁতি দুই নম্বর ব্রীজের কাছে ঢাকা থেকে দিনাজপুর গামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় মনিজা বেগম (৪২) এবং তার নাতনী মর্জিনা (১২)।

এদিকে বিকেল চারটার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সবদাবাদ চেক পোস্টের কাছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ঢাকা থেকে পাবনাগামী রেখা পরিবহনের একটি কোচ উল্টে গেলে প্রায় ২০ আহত হয়। গুরুতর আহতাবস্থায় সাইকেল আরোহী মতিয়ার রহমান (৭৫) সহ ১৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ারের মৃত্যু ঘটে।