নীলফামারী ও কুড়িগ্রামে ৩ জঙ্গি গ্রেফতার, মানিকগঞ্জের বোমা হামলার দায় স্বীকার করেছে এরশাদ
নীলফামারী ও কুড়িগ্রাম থেকে বুধবার ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এবং মানিকগঞ্জে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে গ্রেফতারকৃত এরশাদ।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, বুধবার ভোরে জেলার ডিমলা উপজেলা থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জঙ্গি ১৭ আগস্ট নীলফামারীর জজ আদালত ও ডিসি অফিসসহ বিভিন্ন পয়েন্টে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী। গ্রেফতারকৃতরা হচ্ছে ডিমলার উত্তর তিতপাড়ার নেসার উদ্দিনের পুত্র নূর ইসলাম ও দক্ষিণ তিতপাড়ার খায়রুদ্দিনের পুত্র রবিউল ইসলাম।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জজ কোর্ট মোড় থেকে বুধবার দুপুরে নূর হোসেন (১৫) নামে এক সন্দেহভাজন জঙ্গিকে পুলিশ গ্রেফতার করে। তার কাছে জিহাদি বইসহ অডিও ও ভিডিও ক্যাসেট পাওয়া গেছে বলে পুলিশ জানায়। গ্রেফতাকৃত নূর হোসেন উলিপুড় উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর সরকার পাড়া গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র।
এদিকে বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গ্রেফতারকৃত জঙ্গি নেতা এরশাদ ওরফে মোহাম্মদ আলী (২২) সাতদিনের রিমান্ড শেষে মঙ্গলবার মানিকগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে ধামরাইয়ের এরশাদ ১৭ আগস্ট মানিকগঞ্জে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।
