২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বহুল আলোচিত চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার বাদী ও প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আহাদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মঙ্গলবার ওই মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেন পরপর দুই শুনানির তারিখে আদালতে অনুপস্থিত থাকার জন্যে আহাদুর রহমানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলাটির ৭১জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষদর্শী পুলিশের হাবিলদার গোলাম রসুল ও কর্ণফুলী সার কারখানা(সিইউএফএল) জেটি এলাকার দোকানদার নুরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্যে নুরুল ইসলাম এ ঘটনা সম্পর্কে কিছু জানে না উল্লেখ করলে আদালত তাকে বৈরী ঘোষণা করেন।

হাফিজ আদালতে জামিনের আবেদন ও চার্জশিট থেকে অব্যাহতি চাইলে আদালত তা নাকচ করে দেন।

২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সার কারখানা (সিইউএফএল) জেটিতে আটক ১০ট্রাক অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএমপির কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদী হয়ে একই থানায় দু’টি মামলা দায়ের করেন।

আদালত ২০০৬ সালের ১ জানুয়ারী মামলার নতুন তারিখ ঘোষণা করেন।

দু’টি মামলার চার্জশিটভূক্ত প্রধান আসামি হাফিজুর রহমানকে মঙ্গলবার প্রথমবারের মত আদালতে হাজির করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সে গত ২৬ অক্টোবর ঢাকা হাইকোর্টে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আদালতের নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় হাফিজুর রহমান সাংবাদিকদের কাছে নিজকে নির্দোষ দাবি করেছে।

কারা এই চাঞ্চল্যকর অস্ত্র চোরাচালানে জড়িত, সে বিষয়েও হাফিজ সাংবাদিকদের কাছে নিজের অজ্ঞতা প্রকাশ করে।

দেশের চোরাচালান জগতের অন্যতম হোতা এবং আন্তঃদেশীয় চোরাকারবারী হিসেবে অভিযুক্ত পটিয়ার মৃত নুর মোহাম্মদের পুত্র হাফিজকে কড়া পুলিশ বেষ্টনীর মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।

সিআইডি ও পুলিশের পৃথক তদন্তে ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী সার কারখানা (সিইউএফএল) জেটিতে আটক ১০ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে হাফিজের জড়িত থাকার প্রমাণ মিলেছে।