২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পারিবারিক গোরস্তানে বোমা হামলায় নিহত সহকারি জজ সোহেল সমাহিত

ঝালকাঠিতে বোমা হামলায় নিহত সিনিয়র সহকারি জজ সোহেল আহমদ দিদারকে মঙ্গলবার তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সোহেলের নামাজে জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেন।

সোমবার রাত ৯টায় সোহেলের লাশ ভোলা জেলা প্রশাসন গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

তার লাশ একনজর দেখার জন্য কালীবাড়ী রোডের বাসায় মানুষের ভিড় জমে যায়। মানুষ লাইন দিয়ে লাশ দেখে। রাত ১২টা পর্যন্ত মানুষ তার লাশ দেখে।

এক পর্যায়ে পূত্র শোকে কাতর নিহতের পিতা ডা: মনসুর আহম্মেদ জ্ঞান হারিয়ে ফেলেন।

নিহতের স্ত্রী ফারজানা কান্তা স্থানীয় উকিলপাড়ায় তার বাবার বাসা সোহেলের বাসায় এলে আরো শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাদের বিয়ে বার্ষিকীর মাত্র ১০ দিন আগে নিহত হন সোহেল।

মঙ্গলবার সকাল ৯টায় নিহত সোহেল আহমদের লাশ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার লাশ মানুষের দেখার ব্যবস্থা করা হয়। তাকে শেষ দেখা দেখতে সেখানেও মানুষের ঢল নামে।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। জানাজার আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলার জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নারায়ন চন্দ্র দাস, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, পৌর চেয়ারম্যান গোলাম নবী আলমগীর ও নিহত সোহেল আহমদের বড় ভাই মঞ্জুর মোর্শেদ শেলী।