চট্টগ্রামে পুরানো মর্টার শেল উদ্ধার
নগরীর ডবলমুরিং থানার মাদারবাড়ী এলাকার ড্রেন থেকে পুলিশ মঙ্গলবার একটি পুরানো মর্টার শেল উদ্ধার করেছে।
থানার ওসি কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজকে পুলিশ জানান, মাদারবাড়ীর এক নম্বর গলির ড্রেন পরিস্কার করার সময় সুইপাররা একটি ধাতব বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল সাড়ে দশটায় এটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ১৪ ইঞ্চি লম্বা এবং প্রায় ছয় কেজি ওজনের বস্তুটি পুরানো মর্টার শেল হতে পারে।
শেলটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেলটি কিভাবে মাদারবাড়ী এলাকার ড্রেনে এসেছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
তবে গোয়েন্দা সংস্থার একটি সূত্রের ধারণা, অন্যান্য মালামালের সাথে শেলটি মাদারবাড়ী এলাকার পুরানো লোহার দোকানে আনা হয়। পরে হয়রানি এড়াতে শেলটি ড্রেনে ফেলে দেওয়া হয়।
