হজ্বযাত্রীদের পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর প্রতি স্মারকলিপি, কর্মসূচি ঘোষণা
ননব্যালটি হজ্বযাত্রীদের পরিবহন সংকট নিরসন ও হজ্বযাত্রীদের বৈষম্য দূরীকরণে জরুরিভিত্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে হজ্বযাত্রী কল্যাণ সংস্থা বাংলাদেশ।
চট্টগ্রামের জেলা প্রশাসক সৈয়দ নেসার আহমদ রুমীর মাধ্যমে রোববার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিতে সংস্থার নেতৃবৃন্দ ননব্যালটি হজ্বযাত্রীদের বিমান ভাড়া ৯৫০ ডলারে পুনঃনির্ধারণ করে প্রায় ৫৬ হাজার বেসরকারি হজ্বযাত্রীর পবিত্র হজ্ব পালনের নিশ্চয়তা দাবি করেছেন।
স্মারকলিপিতে ১৫ নভেম্বরের মধ্যে বিমান ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার ও হজ্বযাত্রী পরিবহনে ফ্লাইট সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক শুক্কুর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ননব্যালটি হজ্বযাত্রীদের জন্যে ১,৩৬০ ডলার বৃদ্ধির প্রস্তাব বৈষম্যমূলক এবং তা প্রায় ৫৬ হাজার হজ্বযাত্রীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে।
বিশ্বের অন্যান্য মুসলিম দেশের হজ্ব ফ্লাইটের ভাড়ার তুলনামূলক চিত্র তুলে ধরে স্মারকলিপিতে বলা হয়, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আট ঘন্টার দূরত্বে ৮২০ ডলার এবং পাকিস্তানের ইসলামাবাদ থেকে পাঁচ ঘন্টার দূরত্বে ৫৬৩ ডলারে হজ্বযাত্রীরা হজ্ব করতে পারেন। এমনকি ই বছর ওমরাহ্ মওসুমেও বিভিন্ন এয়ার লাইনস পাঁচশ থেকে সাতশ’ ডলারে ঢাকা-জেদ্দা রুটে যাত্রী পরিবহন করেছে।
নেতৃবৃন্দ হজ্ব ফ্লাইট সংকট সমাধানের প্রয়োজনে বেসরকারী বিমান সংস্থাগুলোকে বাংলাদেশ বিমানের শ্লট ব্যবহারের অনুমতি দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপিতে ১৫ নভেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ১৬ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৮ নভেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট এবং ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
