সুসময় বা সংকটের মুহূর্তে প্রতিটি সম্মেলন দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্যে ইতিবাচক: সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সুসময় বা সংকটের মুহূর্তে অনুষ্ঠিত প্রতিটি সম্মেলন দক্ষিণ এশিয়ার সকল দেশের জন্যে একটি ইতিবাচক ঘটনা। আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সার্ক সনদের অঙ্গীকারের প্রতি সংহতি জানাতে আমরা একত্রিত হয়েছি। এ অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার এ অনুষ্ঠানে উপস্থিত আঞ্চলিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সকলকে বাংলাদেশে স্বাগত জানাই। আমাদের মাঝে আপনাদের পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি ভারত, মালদ্বীপ ও শ্রীলংকায় আঘাত হানা সুনামি, বাংলাদেশ ও ভারতে হয়ে যাওয়া বন্যা এবং পাকিস্তান ও ভারতে সংঘটিত ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই অবগত। এসব ঘটনায় ব্যাপক প্রাণহানি ও সম্পদ নষ্ট হয়েছে। আমরা এর শিকার মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপণ করছি।
তিনি বলেন, এবারের সম্মেলনে অনেক পুরাতন ও নতুন অতিথি যোগ দিয়েছেন। এ কারণে ত্রয়োদশ সার্ক সম্মেলন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সার্কের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটি একটি মাইলফলক।
তিনি আরো বলেন, দ্বাদশ সার্ক সম্মেলন আয়োজন এবং বিভিন্ন পদক্ষেপ নেয়ায় পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সার্কের উন্নয়নের লক্ষ্যে এর চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ পরবর্তী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আজকের এই বিশেষ দিনে দক্ষিণ এশিয়ার দেড়শ’ কোটি মানুষের আশা আকাক্সক্ষার ব্যাপারে আমরা সবাই অবগত। সার্কের সাথে যারা জড়িত ছিলেন এবং আছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ত্রয়োদশ সার্ক সম্মেলন আমাদের জন্যে একটি সম্ভাবনার দ্বার হিসেবে বিবেচিত হচ্ছে। গত দু’দশকে আঞ্চলিক সহযোগিতার ফলাফল পর্যালোচনা করার সময় এটি। সার্কের পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়ও এটি।
প্রধানমন্ত্রী বলেন, ধীরে ধীরে আমাদের এ অঞ্চলে দৃঢ় প্রত্যয় ও অভিন্ন লক্ষ্য বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের এক পঞ্চমাংশ লোকের বাসস্থান দক্ষিণ এশিয়া আমাদের অভিন্ন অঞ্চল।
এটি ৪০০ মিলিয়ন মধ্যবিত্ত ক্রেতার বিপুল বাজার। এ অঞ্চলের সমন্বিত জিডিপি ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এখানে সমষ্টিক অর্থনীতির স্থিতাবস্থা বিরাজমান, প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে এবং মানব উন্নয়ন প্রক্রিয়ায় উন্নতি হচ্ছে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়া বৃহৎ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।
তবে বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে আমাদের উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে। এখনও ব্যাপক জনগোষ্ঠী দরিদ্র থাকার বিষয়টি আমাদের জন্যে উদ্বেগের বিষয়। বাকি বিশ্বের সাথে সংঘঠিত বাণিজ্যের মধ্যে এ অঞ্চলের আন্তঃবাণিজ্য এখনও প্রায় ৪ শতাংশ এবং মোট বিনিয়োগের মধ্যে দক্ষিণ এশিয়ায় সরাসরি বিনিয়োগের পরিমাণ এক শতাংশের বেশি।
আমাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে।
কোটাপরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা বিশ্ব বাজারে দরকষাকষি করার ব্যাপারে লাভবান হতে পারি।
এছাড়া দক্ষিণ এশিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে মনযোগ দিতে হবে। বিশ্বব্যাপী প্রযুুক্তি বিপ্লবের সাথে এগিয়ে চলতে হলে এ অঞ্চলের মানব সম্পদের উন্নয়ন করতে হবে।
বেগম খালেদা জিয়া বলেন, ভবিষ্যতের লক্ষ্যে আমাদের পরিকল্পনামাফিক অগ্রসর হতে হবে। গত সম্মেলনে দারিদ্র্য সমস্যার সমাধানকে আমরা গুরুত্ব দিয়েছি। দারিদ্র্যের হার কমাতে আমাদের কাছে তিনটি উপায় রয়েছে। প্রথমত, ২০০২ সালে ইসলমাবাদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী পর্যায়ে গৃহীত দারিদ্র্য দূরীকরণের পরিকল্পনা বাস্তবায়ন। দ্বিতীয়ত, দারিদ্য দূরীকরণ সংক্রান্ত দক্ষিণ এশীয় স্বাধীন কমিশনের প্রতিবেদন। তৃতীয়ত, সার্কের উন্নয়ন লক্ষ্য। আমি আশা করি, এটি সকলেই সর্বসম্মতভাবে গ্রহণ করবে।
এসব পন্থা বাস্তবায়নে আমাদের সকল প্রয়োজনীয় মানব ও বস্তুগত সম্পদ বাড়াতে হবে। দারিদ্র্য দূরীকরণে আঞ্চলিক কর্মসূচির সঙ্গে আমাদের জাতীয় কর্মসূচির সমন্বয় সাধন করতে হবে।
আমি আগামী ২০০৬ থেকে ২০১৫ সালকে সার্কের দারিদ্র্য দূরীকরণ দশক ঘোষণা করার প্রস্তাব করছি। তহবিল সংগ্রহের জন্যে আমি সার্কের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীদের ২০০৬ সালের প্রথমাংশে মিলিত হওয়ার আহ্বান জানাচ্ছি।
দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সামাজিক অগ্রগতিকেও গুরুত্ব দিতে হবে। গত সম্মেলনে গৃহীত সামাজিক সনদের উদ্দেশ্য বাস্তবায়নে আমাদেরকে মনযোগ দিতে হবে। এ ব্যাপারে আমি বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সুপারিশ করছি।
প্রথমত, সার্কের সামাজিক সনদ বাস্তবায়ন ও ফলো আপ কর্মসূচির জন্যে আঞ্চলিক কৌশল গ্রহণ।
দ্বিতীয়ত, সামাজিক সনদে উল্লেখিত নীতিমালা অনুযায়ী সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আঞ্চলিক কর্মসূচি ও প্রকল্পের সম্প্রসারণ ও বাস্তবায়ন।
তৃতীয়ত, সার্ক সামাজিক সনদের লক্ষ্য পূরণে অবদান রাখার জন্যে আমাদের বেসরকারি খাত, গণমাধ্যম ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি-গোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে।
চতুর্থত, আমি মনে করি, শিশু অধিকার নিশ্চিত করতে সার্ক শিশু অধিকার দশকের লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি পরিমাপের জন্যে মধ্যবর্তী পর্যালোচনা করা যেতে পারে।
সর্বোপরি, চলতি বছরের ডিসেম্বরে নারী ও শিশু পাচার নিয়ন্ত্রণ ও শিশু কল্যাণ সংক্রান্ত সার্ক কনভেনশনে অনুসমর্থনের জন্যে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, সার্কের অন্যতম উদ্দেশ্য হলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আমাদের সাফটা চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন বাণিজ্য ও বিনিয়োগ সহায়তায় শুল্ক, কর, বিনিয়োগ ও সালিশ-নিষ্পত্তি সংক্রান্ত চারটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, আমি ২০০৬ সালকে ‘সার্ক পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করছি।
তিনি সার্ক এলাকায় একটি অভিন্ন পর্যটন অঞ্চল গড়ে তোলার জন্যেও সার্ক নেতাদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী এ অঞ্চলেল ভেতর ও বাইরে বিনিয়োগের অবাধ প্রবাহে একটি সার্ক বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠার সুপারিশ করেন। সার্ক সদস্য দেশসমূহের জ্বালানী মন্ত্রীদের প্রথম বৈঠকে গুরুত্বর্পূণ সুপারিশ গ্রহণ করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ অঞ্চলের জ্বালানী সম্পদের অনুসন্ধানের জন্যে এখন এনার্জি গ্রিপ ও জ্বালানী সম্প্রসারণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। প্রতিটি সার্ক সম্মেলনের আগে বাণিজ্যিক সম্মেলন আয়োজন করা যেতে পারে। এক্ষেত্রে অর্থ ও বাণিজ্য মন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিনিয়োগ বোর্ড, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনৈতিক নীতি সংক্রান্ত প্রতিষ্ঠান এবং মিডিয়া যোগ দিতে পারে। আন্তঃআঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সার্ক চেম্বার এ ধরনের ফোরাম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
খালেদা জিয়া বলেন, গত ডিসেম্বরে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াল সুনামি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও ভারতরে ওপর দিয়ে বয়ে যাওয়া ভূমিকম্প ট্রাজেডি উদ্বেগের সৃষ্টি করেছে। এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশাপাশি সম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে দুর্যোগ আমাদের মধ্যে পারস্পারিক সংহতিরও সৃষ্টি করেছে। বাংলাদেশ তার সাধ্যানুযায়ী সাহায্য নিয়ে দ্রুত আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে সার্ক পরিবেশ মন্ত্রীদের বিশেষ বৈঠক আয়োজনের জন্যে মালদ্বীপের প্রেসিডেন্ট বিশেষ প্রশংসার দাবিদার। গত বছরের প্রলয়ংকরি বন্যার পর আমি বন্যা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে বড় ধরনের জাতীয় সেমিনার আয়োজন করেছিলাম। সেমিনারে সকল ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট সকল ক্ষেত্রের জন্যে বেশ কিছু সুপারিশ প্রস্তুত করা হয়। সার্কের সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে এ সমস্ত সুপারিশ নিয়ে আলোচনা করা হবে। বাংলাদেশ সরকার মনে করে, সুনামি, বন্যা, ভূমিকম্প, ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলে একটি দক্ষ আঞ্চলিক ব্যবস্থাপনা কাঠমো গঠন করা প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে পুর্বাভাস প্রদানের জন্যে সংশ্লিষ্ট অন্যান্য কেন্দ্রের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধমে ঢাকায় অবস্থিত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদের ওপর মাত্রাতিরিক্ত চাপের কারণে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশগত ভারসাম্য আজ হুমকির সম্মুখীন। পানি সম্পদ ও পরিবেশ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা পুনঃপ্রতিষ্ঠার জন্যে আমাদের সচেতন ও বাস্তবভিত্তিক প্রয়াস গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সার্ক প্রতিষ্ঠার পর ২০ বছর পেরিয়ে গেছে। আমার মনে হয়, এখন আমাদের স্পষ্ট উপসংহারে আসা উচিত যে, সদস্য রাষ্ট্রের সমস্যা সমাধান না করে সার্ক কি বৃহত্তর অর্থে এশীয় অর্থনৈতিক অংশিদারিত্ব গঠন করতে পারবে।
দ্বাদশ সম্মেলনে আলোচনার জন্যে নির্বাচিত বেশ কিছু সমস্যা সংক্রান্ত ইস্যু প্রধানমন্ত্রী তুলে ধরেন।
তিনি বলেন, দক্ষিণ এশীয় অর্থনৈতিক ইউনিয়ন বাস্তবায়নের জন্যে সুষ্ঠ রাজনৈতিক ও অর্থনেতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। এটি একটি স্বীকৃত ব্যাপার।
দক্ষিণ এশিয়ায় আমরা সবাই সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন সংক্রান্ত সমস্যা মোকাবেলার জন্যে দ্বাদশ সম্মেলনে একটি অতিরিক্ত চুক্তি সম্পাদিত হয়। বাংলাদেশসহ চারটি দেশ ওই চুক্তি অনুসমর্থন করে।
প্রধানমন্ত্রী ওই চুক্তির দ্রুত বাস্তবায়নের জন্যে অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতি চলতি বছরের শেষ নাগাদ অনুসমর্থন দানের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সার্কের ২০ বছর পেরিয়ে যাওয়ায় আজ প্রতিষ্ঠান ও কৌশলসমূহের পর্যবেক্ষণ ও সংস্কারের সময় এসেছে। এ ব্যাপারে স্ট্যান্ডিং কমিটিকে সুপারিশ করবো, যাতে তারা বিশেষ অধিবেশনের ম্যাধমে সচিবালয়সহ সার্কের সকল প্রতিষ্ঠান ও কৌশল বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করে। এ সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার্সের পরবর্তী বৈঠকে স্ট্যান্ডিং কমিটির সুপারিশসমূহ চূড়ান্ত করার কর্তৃত্ব দিতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, এশবিংশ শতাব্দি নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার। আমাদের অত্যন্ত উন্নত সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা বৈশ্বিক উন্নত সমাজ থেকে অনেক দূরে অবস্থান করছি। কাঠমান্ডু সম্মেলনে সাফটা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। ইসলামাবাদেও একই অঙ্গীকার পুর্নব্যক্ত করা হয়। সাফটা চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের গুরুত্বর্পূণ ও দৃঢ় উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের ইচ্ছেগুলোকে কাজে পরিণত করলেই লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সত্যিকার অর্থে সফল হবে।
