২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনী অনুষ্ঠান চলছে, খালেদা জিয়া সার্কের চেয়ারপার্সন নির্বাচিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের এ গুরুত্বপূর্ণ পদমর্যাদা পেলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত হওয়ার পর তিনি তাৎক্ষণিক বক্তব্যে বলেন যে দায়িত্ব বাংলাদেশের ওপর দেয়া হয়েছে বাংলাদেশ তা যথাযথ গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করবে। তিনি সার্ক এর প্রথম পুরুস্কার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদান করার সিদ্ধান্ত নেওয়ার জন্যে ধন্যবাদ জানান।

নির্ধারিত সময় সকাল সাড়ে ১১ টায় ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্ক শীর্ষ নেতাদের নিয়ে সম্মেলন কক্ষের সুসজ্জিত মঞ্চে অবস্থান নেন।

এসময় বিউগলে বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধুর সুর। উপস্থিত অতিথিবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখান। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করা হয়।

এরপর পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও মালদ্বীপে সাম্প্রতিক ভয়াবহ সুুনামি ও ভুমিকম্পে নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্ক নেতৃবৃন্দসহ সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

প্রথমেই বক্তব্য রাখেন সার্ক এর বর্তমান চেয়ারপার্সন পাকিসন্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন তিনি।

এরপর বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বক্তব্যে তিনি বাংলাদেশে সার্কভুক্ত অন্যান্য নেতৃবৃন্দকে স্বাগত জানান। এবং একটি শান্তিপূর্ণ প্রগতিশীল দক্ষিণ এশিয়া গঠনে সার্ক এর ভুমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্যের পর ত্রয়োদশ সার্ক সম্মেলনের এজেণ্ডাসমূহ অনুমোদন করা হয় এবং প্রথমেই এজেন্ডা নং ৪ অনুযায় সার্ক অ্যাওয়ার্ড ২০০৪ প্রদান করা হয়। সার্কএর স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এ (মরনোত্তর) অ্যাওয়ার্ড দেয়া হয়। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক জিয়া সার্ক এর চেয়ারপার্সন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অ্যাওয়ার্ড সাইটেশন পাঠ করেন সার্কের মহাসচিব লিয়নপো চেনকিয়াব দর্জি।

এর পরপরই এজেণ্ডা নং-৫ অনুযায়ী সার্কের নতুন চেয়ারপার্সন নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে চেয়ারপর্সন নির্বাচন করা হয়। এর আগে ১৯৮৫ এবং ১৯৯৩ সালে বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা’র চেয়ারপার্সন নির্বাচিত হয়।

সম্মেলনের এ পর্যায়ে বেগম খালেদা জিয়া উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির আসনে অধিষ্ঠিত হন। প্রথমেই তিনি বাংলাদেশকে এ দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

জিয়াউর রহমানকে সার্ক অ্যাওয়ার্ড প্রদানের জন্যে তিনি সার্ক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ।

এর আগে সম্মেলনে অংশগ্রহণের জন্য সার্ক সদস্য দেশ সমূহের সরকার প্রধানগণ বেলা পৌণে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢাকা সুসজ্জিত কনফারেন্স সেন্টারের পৌঁছান।

বেলা পৌণে ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম নেতা হিসেবে সম্মেলন কেন্দ্রে পৌঁছান। এরপর পর্যায়ক্রমে সম্মেলন কেন্দ্রে পৌঁছেন ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম, নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীরবিক্রম শাহদেব, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ।

সর্বশেষ বেলা সোয়া ১১টায় শ্রীলংকার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা সম্মেলন কেন্দ্রে পৌঁছেন।

এর আগে সার্ক নেতৃবৃৃন্দ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পরবর্তীতে সার্ক সরকার প্রধানগণ সার্ক ধারনার স্থপতি ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিদর্শন করেন।