বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, র্যাব আটক করেছে দুজনকে
বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি এবং সার্ক সম্মেলনস্থল বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি সম্বলিত ই-মেইল পাঠানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে মোহাম্মদপুর এলাকা থেকে শুক্রবার ভোর রাতে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
র্যাব এর উর্ধ্বতন এক কর্মকর্তা দুই ব্যবসায়ীকে আটকের কথা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকা এবং র্যাব এর তিনটি ব্যাটালিয়নে জনৈক কামাল এর নাম ব্যবহার করে এ ই-মেইল পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-মোহাম্মদ সুমন (৩০) এবং তার মামা মফিদুল ইসলাম (৪০)। তাদের মোহাম্মদপুরের তাজমহল রোডের ২৩/১৫ নম্বরের বাসা থেকে বৃহস্পতিবার রাত আড়াইটায় আটক করে র্যাব।
আটক ব্যক্তিদের পরিবারের এক সদস্য বিডিনিউজকে জানান, দুজনেই ব্যবসায়ী।
এলাকাবাসী এবং পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার সময় র্যাব এর একটি দল তাদের বাসায় হানা দেয়। এ সময় ওই বাড়ির সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। র্যাব সদস্যরা ওই বাড়ি থেকে একটি কম্পিউটারও জব্দ করে। র্যাব সদস্যরা ধারণা করছেন, ওই কম্পিউটার থেকেই হুমকি সম্বলিত ওই ই-মেইলটি পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাব এর একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক সুমনের বোন সেহেলী দাবি করেন, তার ভাই এবং মামা এই ঘটনার জন্যে দায়ী নন।
র্যাব সূত্র জানায়, জনৈক কামাল নিষিদ্ধ ইসলামী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর নামে ওই ই-মেইলটি পাঠিয়েছিল।
সেহেলী বিডিনিউজকে জানান, তার ভাই কামাল ঈদের পরের দিন ব্যবসা উপলক্ষে চীনে গেছে। সুতরাং এই ঘটনার সাথে কামালের সম্পৃক্ততার কোন প্রশ্নই আসে না।
র্যাব সূত্র জানায়, জনৈক কামালের নাম ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকা এবং র্যাব ১,২ এবং ৩ নম্বর ব্যাটালিয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়।
ই-মেইল প্রেরক সার্ক সম্মেলনস্থল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
