উন্নত রাষ্ট্রের মানবাধিকার লংঘনের প্রতিবেদন প্রকাশ করার দাবি জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্বের উন্নত রাষ্ট্রসমূহে সন্ত্রাসী তৎপরতা, সাম্প্রদায়িকতা এবং মানবাধিকার লংঘনের ঘটনাবলীর উপর বার্ষিক প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ‘সুদক্ষ পুলিশ প্রশাসন গঠনে রাষ্ট্র ও জনগণের করণীয়’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, উন্নত রাষ্ট্রসমূহে প্রতিনিয়ত মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে চলেছে। তাছাড়া সন্ত্রাসী তৎপরতা ও সাম্প্রদায়িক ঘটনাবলী সংঘঠিত হলেও সে সম্পর্কে বার্ষিক কোনও প্রতিবেদন প্রকাশিত হয় না। অথচ উন্নত রাষ্ট্রগুলো বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রসমূহের মানবাধিকার লংঘন ও সাম্প্রদায়িক ঘটনাবলী নিয়ে প্রতিবছর বড় বড় প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে।
যোগাযোগ মন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন প্রায়ই সমালোচনার সম্মুখীন হয়। কিন্তু তাদেরও যে সীমাবদ্ধতা থাকতে পারে তা কেউ উপলব্ধি করতে চায় না। তিনি আরও বলেন, সুদক্ষ পুলিশ প্রশাসন গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব এবং জাতিসংঘের মানব পাচার রোধ বিষয়ক বিশেষ সমন্বয়কারী অ্যাডভোকেট সিগমা হুদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এএসএম শাহজাহান, সাবেক মন্ত্রী ড. মিজানুর রহমান শেলী, বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ, মতিউর রহমান চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।
দেশের বিভিন্ন জেলার মানবাধিকার কর্মী, পুলিশ প্রশাসন, এনজিও, সংবাদ মাধ্যম ও সরকারি সংস্থার প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন।
