বিভিন্ন জেলায় সংঘর্ষে তিনজন নিহত, কমপক্ষে ৩০০ জন আহত
বিভিন্ন জেলায় পৃথক সংঘর্ষে বুধবার তিনজন নিহত এবং কমপক্ষে ৩০০ জন নারী পুরুষ আহত হয়েছে।
যশোর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জে এ সংঘর্ষগুলো ঘটে। এর মধ্যে যশোরে একজন নিহত ও শতাধিক আহত, নরসিংদীতে একজন নিহত ও অর্ধ শতাধিক আহত, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত ও ১২০ জন আহত এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ জন আহত হয়।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, ভবদহ স্লুইস গেটের বিপরীত দিকে স্থানীয় এমপির নেতৃত্বে পলিমাটি অপসারণ করা নিয়ে বুধবার দুপুরে এক সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। স্থানীয় এমপি এমএম আমিনউদ্দিন, বিএনপির অভয়নগর উপজেলা কমিটির সভাপতি নুরুল হক মোল্লাও সংঘর্ষে আহত হন। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুরের ২০ সহস্রাধিক মানুষ ভবদহের গেটে নেমে পড়েন। দুপুরের দিকে স্থানীয় এমপির নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী মানুষের একটি অংশ ভবদহ ব্রিজের নিচে থাকা বালুর বস্তা দিয়ে নির্মিত বাঁধ সরাতে রওয়ানা হয়। তখন পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষ্ণু তার সমর্থকদের জানায়, ভবদহ থেকে কাপালিয়া ব্রিজ পর্যন্ত বেড়িবাঁধ কাটতে আসছে কয়েক শত মানুষ। তার এ ‘মিথ্যে’ কথায় ক্ষুব্ধ হয়ে পায়রা ইউনিয়নের লোকজন বন্দুক, সড়কি, ঢাল নিয়ে বাঁেধর ওপর উপস্থিত হয়। এসময় চেয়ারম্যানের সমর্থকরা ১৩ রাউন্ড গুলি ছোঁড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাত রাউন্ড গুলি ছোঁড়ে।
স্থানীয় লোকজন জানান, ভবদহ ব্রিজের নিচে বালুর বস্তার মাধ্যমে বাঁধ দিয়ে চেয়ারম্যান সেখানে মাছ চাষ করে আসছে। মাছ চাষ বন্ধ করার কথা বললে স্থানীয় জনগণ না-ও আসতে পারতো। এ জন্যে স্থানীয় চেয়ারম্যান অন্য কথা বলে গ্রামবাসীকে উত্তেজিত করে তাদের সংঘর্ষে ঠেলে দেয়।
বিডিনিউজ হবিগঞ্জ প্রতিনিধি জানান, পতিত গো চারণ ভূমি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ১২০ জন নারী পুরুষ আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৩৫টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, দু’শতাধিক গরু ও পাঁচ হাজার হাঁস লুট করা হয়েছে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিযোগ করেছেন।
বুধবার সকাল ১০টায় সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ছয় সহস্রাধিক মানুষ হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ি বাছির মিয়া (৫০) ঘটনাস্থলে নিহত হন। হবিগঞ্জের এডিএম, এএসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দু’দল লাঠিয়াল বাহিনীর মধ্যে সংঘর্ষে অহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর ও দড়িগাঁও গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ দু’পক্ষের ১০ জনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজলার ইসলামপুর ইউপির তেররশিয়া গ্রামে বুধবার সকালে দুই বিয়াইয়ের বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও বোমার আঘাতে মারাত্মক আহত মোজাম্মেল (৫৫), টিপু সুলতান (২৫), বাবলু (২৩), নুরুল ইসলাম (৫৫), এনামুল হককে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ মঙ্গলবার রাতে তেররশিয়া গ্রামের আমজাদ আলীর বাড়িতে বিডিআর বোমা খুঁজতে গিয়ে পায়নি। মেয়েকে নিয়ে বিরোধের কারণে আমজাদ আলী ধারণা করেন, মেয়ের শ্বশুর অর্থাৎ, তার বেয়াই আব্দুর রাজ্জাক তাকে হয়রানীর উদ্দেশ্যে বিডিআরকে ওই সংবাদ দেয়। বুধবার সকালে তার দলবল রাজ্জাকের বাড়িতে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আমজাদের মেয়ে চার সন্তানের জননী ফেরদৌসি জানান, স্বামীর সঙ্গে তার কোনও বিরোধ নেই। গ্রাম্য রাজনীতিই এ সংঘর্ষের কারণ।
