২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত ট্রলার উদ্ধার, কোনও লাশের সন্ধান মেলেনি

সন্দ্বীপ চ্যানেলে সোমবার দুর্ঘটনা কবলিত ট্রলারটি মঙ্গলবার কোস্টগার্ড উদ্ধার করলেও নিখোঁজ আর কাউকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

দুর্ঘটনা তদন্তে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (মেরিন) মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিখোঁজ আত্মীয় স্বজনদের সন্ধানে অনেকে কুমিরা ফেরীঘাটে দিনভর অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে গেছে।

সন্দ্বীপের মুছাপুরের নীরদ নাথ ও পবিত্র নাথ সকাল থেকে সারা দিন অবস্থান করছিলেন কুমিরা ফেরীঘাটে।

নীরদ নাথ জানিয়েছেন, তার ছেলে রনজিত নাথ ও মেয়ে পুষ্প রানী নাথ দুর্ঘটনা কবলিত ট্রলারে চট্টগ্রাম ফিরছিল। মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের কোনও খবর পাওয়া যায়নি।

ট্রলারের যাত্রী পবিত্র নাথের মা অঞ্জলী নাথ, বোন নেপুতি নাথ ও লাকী নাথেরও কোনও খবর মেলেনি।

সোমবার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে এমভি মদীনা নামের ট্রলারটি সন্দ্বীপ থেকে সীতাকুন্ড আসার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে উল্টে যায়।

এতে কমপক্ষে ১৫জন যাত্রী নিখোঁজ হয়। সোমবার সন্ধ্যায় উপকূলীয় এলাকা থেকে একটি শিশুর মৃতদেহ ও অপর একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।

মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়, কিন্তু এর ভেতরে কোনও মৃতদেহ পাওয়া যায়নি বলে কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মোহাম্মদ ফারুক বিডিনিউজকে জানিয়েছেন।

এদিকে ট্রলার উল্টে প্রাণহানির ঘটনার জন্যে বিআইডাব্লিটিসি ও সন্দ্বীপের সংসদ সদস্যকে দায়ী করেছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম।

দুর্ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের বিচার দাবী করে এ সংগঠন মঙ্গলবার চট্টগ্রামে বিআইডাব্লিউটিসির কার্যলয় ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বিডিনিউজকে জানিয়েছেন, কুমিরা-গুপ্তছড়া রুটে বিআইডাব্লিউটিসির সী-ট্রাক বন্ধ থাকায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কার্গো ট্রলারে চলাচল করতে বাধ্য হয়েছে।

‘সন্দ্বীপের সংসদ সদস্য মোস্তাফা কামাল পাশা ও বিআইডাব্লিউটিসির কর্মকর্তাদের যোগসাজসে এই রুটের সী-ট্রাক বন্ধ করে দেওয়া হয়’ বলে তিনি জানান।

এদিকে জেলা পরিষদ কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে সকল প্রকার যাত্রী পারাপার নিষিদ্ধ করে মঙ্গলবার সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়েছে।

জেলা পরিষদের সচিব ওয়াসিম জাব্বার বিডিনিউজকে জানিয়েছেন, এমনিতেই এই ঘাট দিয়ে যাত্রী পারাপারের কোনও অনুমতি নেই। সামনে কেউ যাত্রী পারাপার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অবৈধভাবে যাত্রী পারপার করায় এই ঘাটের ইজারা বাতিল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।