চট্টগ্রামে গার্মেন্টস গুদামে অগ্নিকাণ্ড
বন্দরনগরী চট্টগ্রামের অদূরে বালুছড়া এলাকার একটি বহুতল গার্মেন্টস ফ্যাক্টরির গুদামে আগুন লেগে প্রায় একশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার ব্রিগেড সূত্র মঙ্গলবার এ খবর জানিয়েছে।
শাদ মুসা গার্মেন্টস এর দ্বিতীয় তলা থেকে রাত সোয়া ১টায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নি নির্বাপক কর্মীরা ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম মজুমদার জানান, প্রথম তলা থেকে এখনও ধোয়া উড়ছে, বিকেলের মধ্যেই আগুন নেভানোর সকল কার্যক্রম শেষ হবে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অগ্নিনির্বাপক কর্মকর্তাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একশ’ কোটি টাকা।
