২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক অতিথিদের জরুরি স্বাস্থ্য সেবা দিতে বিভিন্ন উদ্যোগ, স্বাস্থ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ

আসন্ন সার্ক সম্মেলনে আগত অতিথিদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সোমবার গৃহীত জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী শেরাটন ও সোনারগাও হোটেলে স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: শাহাদাৎ হোসেন, ঢাকার সিভিল সার্জন ডা: মো: আবদুল আউয়াল প্রমুখ।

স্বাস্থ্যসেবা বিষয়ে গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে-শেরাটন হোটেলে চারটি মেডিকেল টিমের পর্যায়ক্রমে ২৪ ঘন্টা দায়িত্ব পালন এবং একটি কার্ডিয়াক

অ্যাম্বুলেন্সসহ দুটি অ্যাম্বুলেন্স রাখা, সোনারগাঁ হোটেলে একটি অ্যাম্বুলেন্স ও দুটি মেডিকেল টিমের দায়িত্ব পালন।

ভিভিআইপিদের মোটর শোভাযাত্রায় ১২ টি অ্যাম্বুলেন্স থাকবে। এর মধ্যে সাতটি রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য এবং পাঁচটি অন্যান্য অতিথিদের জন্য। ভিভিআইপিদের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে দুটি করে ভিভিআইপি কেবিন ও অপারেশন থিয়েটার, একটি করে আইসিইউ বেড ও সিসিইউ বেড সংরক্ষিত থাকবে।

এছাড়াও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১১ টি স্থানে, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অতিথিদের আমগন ও বিদায়ের সময়, সাভার জাতীয় স্মৃতিসৌধ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, পদ্মা অতিথি ভবন, যমুনা অতিথি ভবন, বঙ্গভবন, গাজীপুর ব্র্যাক সেন্টার ও আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জরুরি স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকার সিভিল সার্জন অফিসে এ বিষয়ে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ঢাকার সিভিল সার্জন এতে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।